ভারতের মাটিতে স্বাগতিক দলকে মোকাবেলা করাটা পাকিস্তান ক্রিকেট দলের কোচ হিসাবে ডেভ হোয়াটমোরের জন্য একটা চাপের বিষয় হতে পারে। কিন্তু হোয়াটমোর বলেছেন, আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে তিনি কোন চাপ অনুভব করছেন না। বরং এ দায়িত্ব পালনে তিনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কেননা উপমহাদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
বাঙ্গালোরের এমএ চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ মঙ্গলবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে পাঁচ বছর পর ভারতে পাকিস্তান দলের ক্রিকেট সফর শুরু হচ্ছে।
হোয়াটমোর বলেন, ‘ইতোমধ্যে আমি শ্রীলংকা, বাংলাদেশ ও ভারতীয় খেলোয়াড়দের নিয়ে কাজ করেছি এবং তাদের প্রতিটিতেই খুব একটা পার্থক্য দেখিনি, তাই পাকিস্তান কোচ হিসাবে আমার উপর কোন চাপ নেই। তাদের মৌলিকত্ব বলতে গেলে একই।’
শ্রীলংকাকে বিশ্বকাপ জেতানো এই কোচ আরো বলেন, ‘শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে ভাল করতে হলে খেলোয়াড়দের ধারাবাহিক হতে হবে। অতীতে ভালভাবেই আমরা আমাদের দক্ষতার প্রমাণ দিয়েছি, ভালও করেছি। এখন যেটা দরকার তা হলো আমাদের খেলায় আরো বেশি ধারাবাহিক হতে হবে এবং আমরা সেটা করার অপেক্ষায় আছি।’
সফরকারী কোচ বলেন, ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজে পাকিস্তানের কোচ হিসাবে এটাই হবে তার প্রথম অভিজ্ঞতা এবং এ জন্য তিনি মুখিয়ে আছেন। আইসিসি ইভেন্টে আমরা ভারতের বিরুদ্ধে খেলেছি। তবে এটা হবে এমন অভিজ্ঞতা যা আমি অর্জন করতে চাই।’
এক প্রশ্নের জবাবে হোয়াটমোর বলেন, ‘এটা সংক্ষিপ্ত সিরিজ হলেও উভয় দলের খেলোয়াড়রাই একে অপরের বিরুদ্ধে খেলার জন্য চরম উত্তেজনার মধ্যে আছে।’
তিনি বলেন, ‘হ্যাঁ সত্যিই এটা স্যান্ডউইচ। আপনারা সবাই ফিউচার ট্যুর প্রোগ্রাম জানেন এবং দেশগুলো কি পরিমাণ ক্রিকেট খেলে তাও জানেন। এখানে আসতে পেরে আমরা আনন্দিত এবং আমি নিশ্চিত ভারতীয় খেলোয়াড়রাও আমাদের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়ে আনন্দিত।’ বাসস
