টেস্টে দশ হাজার রানের হাতছানি সাঙ্গাকারা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২১:১৭
টেস্ট ক্রিকেটে দশহাজার রান করা এক সময় স্বপ্ন ছিল শ্রীলংকা দলের সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার। আর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্টেই ১০ হাজার রান ক্লাবের সদস্য হওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। শচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড় এবং জ্যাক ক্যালিসের সঙ্গে মর্যাদাপূর্ণ এ ক্লাবের সদস্য হতে নিজের ১১৫তম টেস্টে সাঙ্গাকারার প্রয়োজন ৪০ রান। বাঁহাতি এ ব্যাটসম্যান সাংবাদিকদের বলেন, ‘টেস্ট ক্রিকেটে অন্যসব খেলোয়াড়দের চেয়ে বেশি মনে রাখার মত ১০ হাজার রান একটা পার্থক্য গড়ে দেয় বলে আমি মনে করি।’ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০০ সালে টেস্ট অভিষেক হওয়া সাঙ্গাকারা ৫৫.৬৪ গড়ে এ পর্যন্ত মোট রান করেছেন ৯,৯৬০। শ্রীলংকান ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় সাঙ্গাকারার সামনে রয়েছেন কেবলমাত্র দেশটির অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে (৪৯.৮৬ গড়ে মোট ১০,৬৭১ রান)।