ক্রীড়া লেখক সমিতির সুবর্ণ জয়ন্তী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২১:১৭
উনিশ’শ বাষট্টি সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি এ বছর পঞ্চাশ বছরে পা দিয়েছে। এজন্য সমিতি এ বছরটিতে ব্যাপক কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। বছরের শুরুতেই আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সভাপতি সেপ ব্লাটার ঢাকায় ফুটবলের ছবির প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশ্বজুড়ে সে খবরও ছাপা হয়েছিল ফিফা সভাপতির কল্যাণে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চলছে বিভিন্ন অনুষ্ঠান। ২৫-২৯ ডিসেম্বর পর্যন্ত আরো আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৫ ডিসেম্বর সকালে দোয়েল চত্বর থেকে র্যালি শুরু হবে। ওই দিন সকাল ১০টায় হ্যান্ডবল স্টেডিয়ামে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় যে কেউ অংশগ্রহণ করতে পারবে। ২৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল চেকআপ। পঞ্চাশ বছরে পুরস্কার পাওয়া ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, পৃষ্ঠপোষকদের সম্মাননা দেয়া হবে ২৯ ডিসেম্বর। সমিতির ১২ সদস্য যারা ইতোপূর্বে সাংবাদিকতাসহ অন্যান্য ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য রাষ্ট্রীয় পদক পেয়েছেন তাদেরকে বিশেষ সম্মাননা দেয়া হবে। সমিতির প্রথম কমিটির সহ-সভাপতি এবিএম মুসা, সাবেক সভাপতি আব্দুল তৌহিদ সংগঠনটি নিয়ে স্মৃতিচারণ করবেন। সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিশেষ সম্মাননা দেয়া হবে। ক্রীড়া লেখক সমিতির এ যাবত্কালের চার অনারারি সদস্য সাবের হোসেন চৌধুরী, আহম মুস্তফা কামাল, কাজী মো. সালাহউদ্দিন এবং কুতুবউদ্দিন আহমেদকে সম্মাননা দেয়ার কথা। গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন সমিতির সভাপতি হাসান উল্লাহ খান রানা এবং সাধারণ সম্পাদক মোস্তফা মামুন। শেষ দিনে সমিতির অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। সাবিনা ইয়াসমিন সংগীত পরিবেশন করবেন। সুবর্ণ জয়ন্তীতে ক্রীড়া লেখক সমিতির সঙ্গী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আইএফআইসি ব্যাংক, ইন্ডেক্স গ্রুপ ও দুরন্ত রাজশাহী।