শীতের রোদে আড্ডা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ১৮:৪৯
হিম শীতল বাতাস। কুয়াশার সাদা চাদর। মৃদু ছন্দে ঝরে পড়া শিশির। কনকনে শীত। গরম ভাঁপা পিঠা। ঝরা পাতা। হরেক রকম পাখির গান— এ সবই জানান দেয় শীত এলোরে! এভাবেই প্রতি বছর শীত আসে। শীতের এই ছোঁয়া লাগে ক্যাম্পাসেও। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীত উপভোগ কিছুটা অন্যরকম। প্রিয় বন্ধুদের সাথে রোদে আড্ডা দেয়ার মাঝেই যেন সুখ! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আব্দুল খালেক ইমন। শীত নিয়ে তিনি বলেন, ‘ক্যাম্পাসে শীত মানেই আলস্য। দেরি করে ক্লাসে যাওয়া। বন্ধুদের নিয়ে পিঠা খাওয়া। আর রং-বেরঙের পোশাক পরে দলবেঁধে আড্ডাবাজি, বনভোজন আরো কত কি!’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র এসএম নূরুল মোসাব্বির মনি বলেন, ‘গোল হয়ে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটানোর উপযুক্ত সময় শীতকাল। শহীদ মিনার কিংবা গ্রন্থাগার ভবনের সামনে পড়ন্ত বিকাল অথবা সকালের নরম রোদে আড্ডা উপভোগ্য। তবে শীতের সকালে সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার ক্লাস।’ একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাকিবা সুলতানা রত্না বলেন, ‘ক্যাম্পাসের সবুজ গালিচায় বিকালের আড্ডা আর সন্ধ্যায় শীতের পিঠা খেয়ে হলে ফেরার পর বান্ধবীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাই। অনেক সময় বিভিন্ন গেম খেলে কেটে যায় শীতের রাতের কিছুটা অংশ।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী মোবাশ্বেরা জাহান বলেন, ‘গোল হয়ে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটানোর উপযুক্ত সময় শীতকাল। আর রেলওয়ে স্টেশন চত্বরে বিকালে মজার মজার ভাঁপা পিঠা খেয়ে খেয়ে গল্প জমানোর তো কোনো জুড়িই নেই।’ একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজিদা জিনিয়া বলেন, ‘শীতের সকালে ঘুম থেকে উঠে ক্লাস করা প্রায়ই সম্ভব হয় না। বছরের অন্যান্য সময় যেখানে সারা রাত আড্ডা দিয়ে প্রায় দিনই সকালের ক্লাস মিস দেই সেখানে শীত সকালের আরামে ঘুম হারাম করা কেমনে সম্ভব ভাই? অনেক শিক্ষার্থীই এখন আর রাত দশটার পর খুব বেশি হলের বাইরে থাকে না।’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী সোহেলী আক্তার মুক্তা বলেন, ‘শীত আসে আনন্দ আর ভ্রমণের বার্তা নিয়ে। বছরের অন্যান্য দিনের তুলনায় এমন দিনে বন্ধু-বান্ধবের সঙ্গে হৈ-হুল্লোড় বেশি করার সুযোগ মেলে।’ একই বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র মো. আমিনুল ইসলাম বলেন, ‘অনেক শিক্ষার্থীই এখন আর রাত দশটার পর খুব বেশি হলের বাইরে থাকে না। সন্ধ্যা হলেই হলের গেম রুমে সময় কাটায়। শীতের কারণে শিক্ষার্থীরা টেবিল টেনিস, ক্যারম, দাবা, কার্ড খেলার প্রতি ঝুঁকে পড়ছে।’ ইডেন সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী কামরুন নাহার বলেন, ‘যারা হলে থাকি শীতকাল এলেই ছেলেদের তুলনায় আমরা যেন বেশি আরাম প্রিয় হয়ে যাই। অলসতা আমাদের যেন জেঁকে বসে। তবে রাতের বেলা চা খাওয়া আর দাবা খেলাটা যেন সত্যি পরম আনন্দের ব্যাপার।’