চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

যুক্তির সাথে সম্প্রীতির পথে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ১৮:৫০
পশ্চিমে সূর্য অস্ত গেছে। ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো ক্যামপাস। চারদিকে কোন কোলাহল নেই। এই শীতে প্রকৃতি তার প্রখর সত্তা পরিবর্তন করে ধারণ করেছে শান্তরূপ। তবে শীতের প্রকোপ চরমে। সান্ধ্যকালিন এই দৃশ্যপট কিছুক্ষণের জন্য যুক্তির শিক্ষায় প্রজ্বলিত ছিল। বলছিলাম চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উত্সবের সমাপনী আসরের কথা। শীতকালিন এই অধিবেশনে প্রধানমন্ত্রী কাওসার মাহমুদ প্রস্তাব উত্থাপন করেন, ‘এই সংসদ বিশ্বাস করে যে, বিশ্ব সভ্যতার প্রগতির জন্য বৈষম্য আবশ্যক’। তিনি বৈষম্য বলতে ইতিবাচক পার্থক্য এবং প্রগতি বলতে সভ্যতার উন্নতিকে সংজ্ঞায়ন করেন। পরবর্তীতে বিরোধী দলীয় নেতা জুনানজিনা আহমেদ তৃণা প্রস্তাবটির যৌক্তিক বিরোধিতা করেন। তিনি বর্তমান সময়ে রাষ্ট্রসমূহের মাঝে সমন্বিত কার্যক্রম গ্রহণ করার কথা উল্লেখ করেন। সরকারি দলের মন্ত্রী আফজালুর রহমান সামপ্রতিক বিশ্বে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিভিন্ন পর্যায়ে বিদ্যমান বৈষম্যসমূহ তুলে ধরেন এবং পরবর্তীতে তাদের মধ্যকার পার্থক্য সুস্পষ্টভাবে উপস্থাপন করেন। বিরোধী দলের অন্য সদস্যরা হলেন উপনেতা আরাফাত রহমান, সাংসদ অনিন্দ্য সাইমুন এবং সরকারি দলের সাংসদ শাহরিয়ার আমিন। যুক্তি, প্রতিযুক্তি এবং যুক্তি খন্ডন শেষে বিচারকদের ফলাফল ঘোষণার পালা। পুরো মিলনায়তনের দর্শকদের পিনপতন নিরবতা। অবশেষে চ্যামিপয়ন দল হিসেবে ঘোষিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল সিইউডিএস ১১/১১ এবং রানার আপ দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেইউডিএস সংসপ্তক। ‘যুক্তির সাথে সমপ্রীতির পথে’-এই স্লোগানকে ধারণ করে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি গত ২২ নভেম্বর থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উত্সবের আয়োজন করে। এই প্রতিযোগিতায় বাংলা ও ইংরেজি উভয় পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশটি দল অংশগ্রহণ করে। ইংরেজি পর্যায়ের বিতর্কে ষোলটি দলের লড়াইয়ে এশিয়ান ইউনিভার্সিট ফর উইমেন চ্যামিপয়ন এবং ব্র্যাক ইউনিভার্সিটি রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।