ডুয়েট দিবসে আনন্দ উচ্ছ্বাস

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ১৮:৫২
নেচে, গেয়ে, কেক কেটে, পায়রা উড়িয়ে পালিত হলো গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। তিন পর্বের অনুষ্ঠানে র্যালির মধ্য দিয়ে প্রথম পর্ব সমাপ্ত হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর আগে ভিসি পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে শহীদ আহসানউল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) কানিজ ফাতেমা, এনডিসি ও গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। শেষ পর্বে ডুয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।