দুই সপ্তাহের মধ্যে সব ব্যাংকে ন্যাশনাল পেমেন্ট স্যুইচ চালুর নির্দেশ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২০:০২
আগামী দুই সপ্তাহের মধ্যে আন্তঃব্যাংক গ্রাহক পর্যায়ে অভ্যন্তরীণ লেনদেন ন্যাশনাল পেমেন্ট স্যুইচের (এনপিএস) মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এটিএম, পিওএস, মোবাইল বা ইন্টারনেটভিত্তিক যেকোন আর্থিক আদান-প্রদানে এনপিএস ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, যেসব ব্যাংক এখন পর্যন্ত নিজস্ব স্যুইচ স্থাপন করতে পারেনি তারা তৃতীয় পক্ষ তথা কিউ-ক্যাশ, ক্যাশ লিংকসহ ইত্যাদির মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে পারবে। তৃতীয় পক্ষ ব্যবহারের মাধ্যমে যেসব ব্যাংক লেনদেন সম্পন্ন করতে চায়, তাদের স্বল্পসময়ের মধ্যে স্যুইচ সফটওয়্যার আপডেট করার পরামর্শ দেয়া হয়েছে। সার্কুলারে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক বেসরকারি উদ্যোগে ইতিমধ্যে এনপিএস চালু করেছে। এতে দেশের প্রায় তিন হাজার এটিএম ও আড়াই হাজার পিওএস স্যুইচের জন্যে একক প্লাটফরম তৈরি হবে। এটি সকল আর্থিক লেনদেনের ইলেকট্রনিক সেটেলমেন্টের মাধ্যমে দেশের ই-কমার্সকে আরও নিরাপদ, দ্রুত, দক্ষ ও আস্থাপূর্ণ করতে সাহায্য করবে। সূত্র জানিয়েছে, এনপিএস চালু হলে গ্রাহকদের ঋণ পরিশোধ বা লেনদেন ব্যয় আরও সাশ্রয়ী হবে। দেশের তফসিলি ব্যাংকগুলো এনপিএসের সব ধরনের সুবিধা গ্রহণের সুযোগ পাবে। এটা ব্যাংক ব্যবস্থার মাদার স্যুইচ হিসেবে কাজ করবে। ফলে এই একটি মাত্র স্যুইচের মাধ্যমে সব ধরনের ডিজিটাল সুবিধা নিশ্চিত করবে কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম), ই-কমার্স, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংসহ সব ধরনের অনলাইন সুবিধা নিয়ন্ত্রণ করা যাবে এ স্যুইচের মাধ্যমে। সূত্র আরও জানিয়েছে, এনপিএস সব ধরনের লেনদেন সুবিধা নিশ্চিত করবে। সরাসরি সেটেলমেন্ট হিসাবের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ইলেকট্রনিক ট্রানজেকশন সম্পন্ন করা যাবে। তফসিলি ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য কেন্দ ীয় ব্যাংক এসব সুবিধার ব্যবস্থা করবে। একই সঙ্গে সব ধরনের আন্তর্জাতিক পেমেন্ট স্কিমগুলোও সমর্থন করবে। ভিসা, মাস্টার কার্ড, এমেক্সসহ সব ধরনের আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সুবিধা পাওয়া যাবে এই মাদার নেটওয়ার্কের মাধ্যমে। এতে করে দেশের তফসিলি ব্যাংকগুলো আন্তর্জাতিক ব্রান্ডের সব ধরনের কার্ডের মাধ্যমে লেনদেন করার সুযোগ থাকবে।