ক্রিসমাস উত্সবের একদিন বাদে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মাঠে নামছে প্রায় সবগুলো বড় দল। নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে আগের ম্যাচের হোঁচট খাওয়ার স্মৃতি নিয়ে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। গত ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৮-০ গোলে বিপর্যস্ত করা চেলসি নরউইচ সিটির বিপক্ষে ধরে রাখতে চায় ভালো খেলার ধারা। স্টেডিয়াম অব লাইট স্টেডিয়ামে স্বাগতিক স্যান্ডারল্যান্ডের প্রতিপক্ষ গতবারের শিরোপা জয়ী ম্যানচেস্টার ইউনাইটেড।
গত ম্যাচে সোয়ানসি সিটিকে হারাতে পারলে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির থেকে ছয় পয়েন্ট এগিয়ে যেতো রেড ডেভিলরা। ড্রয়ের কারণে ব্যবধান কমে ৪-এ নেমে এসেছে। তাই আজকের ম্যাচে উত্সব মুখর পরিবেশেও স্বস্তিতে থাকতে পারছে না কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের দল।
তবে, ফর্মে আছে দলের মূল সদস্যরা। মৌসুমে ১২টি গোল করে নিজেকে দলে নেয়ার যৌক্তিকতা প্রমাণ করেছেন ডাচ ফরোয়ার্ড রবিন ফন পার্সি। ভালো খেলার মধ্যে আছেন ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি। মৌসুমে সাত বার বিপক্ষের গোল পোস্ট বল জড়াতে সক্ষম হন তিনি। এছাড়া পাঁচটি গোল করেছেন মেক্সিকান তারকা জ্যাভিয়ের হার্নান্দেজ। ইনজুরি কাটিয়ে আজ দলে ফিরতে পারেন ন্যানি, জনি ইভান্স ও শিঞ্জি কাগাওয়ার মতো তারকরা। তবে, মাঠে থাকবেন না হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে আক্রান্ত অ্যান্ডারসন।
এদিকে বক্সিং ডেতে দারুণ ফর্মে থাকা চেলসি মোকাবেলা করবে নরউইচ সিটির। গত ম্যাচে নিজেদের ইতিহাস সেরা ব্যবধানে অ্যস্টন ভিলাকে হারানো ব্লুজরা আজও নিজেদের ফর্ম ধরে রাখতে মরিয়া। করিন্থিয়াসের বিপক্ষে ক্লাব বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ১-০ গোলে পরাজয়ের পর ক্যাপিটাল ওয়ান কাপের ম্যাচে তারা লিডস ইউনাইটেডকে ৫-১ গোলে হারায়। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের গত ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৮-০ গোলের জয়। সব মিলিয়ে স্প্যানিশ কোচ রাফায়েল বেনিতেজের জাদুমন্ত্রে অনেকটাই বদলে গেছে চেলসি দল। গতবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী দলটির মূল শক্তি দলের মধ্যভাগ। ফর্মে আছেন চার তারকা ফুটবলার হুয়ান মাতা, অস্কার লুইস, ইডেন হ্যাজার্ড, ভিক্টর মোজেস। ফর্মে ফিরতে শুরু করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফার্নান্দো টোরেস। গত দুই ম্যাচে টানা গোলই তার প্রমাণ। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে চেলসি। অন্যদিকে এই মৌসুমে ২৭টি গোল হজম করা নরউইচ সিটি আছে পয়েন্ট তালিকায় দশম স্থানে। পয়েন্ট ২৫।
এদিকে গতবারের শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটি দল আজ অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে স্যান্ডারল্যান্ডের। পয়েন্ট তালিকায় ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকলেও গতবারের মতো জৌলুস এই মৌসুমে দেখা যাচ্ছে না দলটির ফুটবলে। ‘ব্লু মুন’ নামে পরিচিতি পাওয়া দলটি তাই এই ম্যাচে নিজেদের জাত চেনাতে মরিয়া হয়ে উঠেছে। শনিবার ইত্তেহাদ স্টেডিয়ামের ম্যাচে তারা ১-০ গোলে কষ্টার্জিত এক জয় পায় রিডিং রয়্যালসের বিপক্ষে। ইতোমধ্যেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ যাওয়া দলটির জন্য এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় এক বড় চ্যালেঞ্জ।
দিনের অপর ম্যাচগুলোতে মুখোমুখি হবে এভারটন - উইগ্যান অ্যাথলেটিক, ফুলহ্যাম - সাউদাম্পটন, কুইন্স পার্ক রেঞ্জার্স - ওয়েস্টব্রুম উইচ অ্যালবিয়ন, রিডিং রয়্যালস - সোয়ানসি সিটি, অ্যাস্টন ভিলা - টটেনহ্যাম হটস্পার, স্টোক সিটি - লিভারপুল।\
আজকের ম্যাচ
এভারটন - উইগ্যান অ্যাথলেটিক
ফুলহ্যাম - সাউদাম্পটন
ম্যানচেস্টার ইউনাইটেড - নিউক্যাসল ইউনাইটেড
নরউইচ সিটি - চেলসি
কুইন্স পার্ক রেঞ্জার্স - ওয়েস্টব্রুম উইচ অ্যালবিয়ন
রিডিং রয়্যালস - সোয়ানসি সিটি
স্যান্ডারল্যান্ড - ম্যানচেস্টার সিটি
অ্যাস্টন ভিলা - টটেনহ্যাম হটস্পার
স্টোক সিটি - লিভারপুল
