হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘ ছয় মাস মাঠের বাইরে থাকার পর এ সপ্তাহে মধ্যপ্রাচ্য টুর্নামেন্ট দিয়ে আবারো খেলার মাঠে ফিরছেন টেনিস তারকা রাফায়েল নাদাল। তবে শিরোপা জয়ের প্রত্যাশা না করার জন্য সমর্থকদের সতর্ক করে দিয়েছেন তিনি।
নাদাল আগামী শুক্রবার নিজের প্রথম ম্যাচে অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে অথবা জাংকো তিপসারেভিচের বিরুদ্ধে খেলবেন।
আগামী ৩১ ডিসেম্বর দোহায় শুরু হওয়া এটিপি টুর্নামেন্ট শুরুর আগে তিন দিনব্যাপী মুবাদালা চ্যাম্পিয়নশীপের মাধ্যমে টেনিসে ফিরছেন ২৬ বছর বয়সী নাদাল। স্প্যানিশ এ তারকা ছাড়াও বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ এবং তৃতীয় শীর্ষ খেলোয়াড় অ্যান্ডি মারেসহ শীর্ষস্থানীয় ছয়জন তারকা খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
নাদাল গত জুনে উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে বিশ্বের একশতম খেলোয়াড় লুকাস রোসোলের কাছে অপ্রত্যাশিতভাবে পরাজিত হওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন। ইনজুরির কারণে অলিম্পিক, ইউএস ওপেন এবং নিজ দেশের হয়ে ডেভিস কাপে ফাইনালে খেলতে পারেননি তিনি।
পুনরায় খেলার মাঠে নামলেও প্রত্যাশাটা খুব বেশি করতে নারাজ নাদাল।
সাতবারের ফরাসী ওপেন চ্যাম্পিয়ন বলেন, ‘আবুধাবি একটা পরীক্ষা। এ সপ্তাহটি, দোহা বা অস্ট্রেলিয়া ওপেন আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য হচ্ছে নিজকে পুরোপুরি ফিট হিসেবে তৈরি করা। আমার সমস্ত ভাবনাই পুরোপুরি সুস্থ হয়ে ওঠা নিয়ে—কেবল মাত্র হাঁটু নিয়ে।’
আমার চিন্তা-ভাবনা হচ্ছে এখান থেকে শুরু করা। আগামী মাসে অথবা আগামী দু’মাসে কি ঘটতে যাচ্ছে তার খুব বেশি মূল্য আমার কাছে নেই।’
তিনি আরো বলেন, ‘আমার মূল উদ্দেশ্য হচ্ছে যথাযথ ও সঠিক অবস্থায় ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি এবং মন্টে কার্লোতে শুরুটা ভালভাবে করা। যাতে ভাল অবস্থায় আমি ক্লে মৌসুম শুরু করতে পারি। এগারটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ী নাদালের পুরো খেলোয়াড়ী জীবনেই তাকে হাঁটুর সমস্যায় ভুগতে হয়েছে।
স্পানিশ খেলোয়াড়টি বলেন, ‘কিভাবে খেলতে হয় আমি সেটা ভুলে যাইনি। আমি ৬শ’র বেশি এটিপি ম্যাচ খেলেছি। আমি ভাল অনুভব করছি। রোলা গ্যাঁরোতে আমি শিরোপা জিতেছি এবং সে আবেগ এখনো আমার মধ্যে আছে।’
হাঁটুর ইনজুরি পুরোপুরি ভাল না হওয়ার আগে আবুধাবিতে খেলতে যাওয়া প্রসঙ্গে নাদাল বলেন, ‘ডাক্তার বলেছেন এখন অবস্থা ভাল এবং সেটাই আমার কাছে বড় সংবাদ। আমি এখনো কিছুটা সমস্যা বোধ করছি, পুরোপুরি সেরে ওঠেনি।’
অতি সামপ্রতিক অভিজ্ঞতায় মোটেই বিচলিত নন বলে জানান নাদাল।
মার্সাডটকম ওয়েব সাইটকে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার এবং জীবনে এটাকে স্বাভাবিক হিসেবেই নিয়েছি আমি। এটা আরেকটা চ্যালেঞ্জ। আমি সর্বোচ্চ চেষ্টা করতে পারি। তবে জনগণকে বুঝতে হবে, যখন এতগুলো মাস কেউ প্রতিযোগিতার বাইরে থাকবেন, তখন তার উন্নতি করতে সময়ের প্রয়োজন।’
আবুধাবির এ টুর্নামেন্টে বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় স্পেনের ডেভিড ফেরার, বিশ্বের ছয় নম্বর খেলোয়াড় চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ এবং বিশ্বের নয় নম্বর খেলোয়াড় সার্বিয়ার তিপসারেভিচও অংশ নিচ্ছেন।
-বাসস/এএফপি
