আশাবাদী বেনিতেজ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২০:১০
ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিকে নিয়ে আশাবাদ প্রকাশ করে দলের স্প্যানিশ কোচ রাফায়েল বেনিতেজ। জাপানে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান দল করিন্থিয়াসের বিপক্ষে পরাজয়ের পরে দু’টি ম্যাচে ১৩ গোল করায় অন্তর্বর্তীকালীন কোচ চেলসিকে নিয়ে শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছেন। এ সম্পর্কে আত্মবিশ্বাসী বেনিতেজ বলেন, ‘‘এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাচে জয়ী হওয়া। আর দলের উন্নতি হলেই কেবল এটা অর্জন সম্ভব। আর এ ধরনের পারফরমেন্সে যেকোন দলই জয়ী হতে পারে। দলের খেলোয়াড়দের মানসিকতা দেখলেই পরিবর্তন লক্ষ্য করা যায়। এমনকি ৬-০ গোলে এগিয়ে থাকার পরেও খেলোয়াড়রা আরো গোলের জন্য মরিয়া ছিল। সব মিলিয়ে পুরো দল দারুণ আক্রমণাত্মক ছিল। তারা একজন বা দু’জন খেলোয়াড়ের উপর নির্ভরশীল ছিল না, যা দলের জন্য সুখবর। আশা করছি আমরা এই ধারা অব্যাহত রাখতে পারব। আমাদের অবশ্যই এই পরিকল্পনা বজায় রেখে ম্যাচে জয় নিশ্চিত করতে হবে। আর এতেই আমার পক্ষে বলা সম্ভব হবে আমরা শিরোপার অন্যতম দাবিদার।” টানা তৃতীয় লিগ জয়ের লক্ষ্যে মিডফিল্ডে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ বহাল থাকবেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে এই ম্যাচেও খেলতে পারছেন না অধিনায়ক জন টেরি। আর তাই ডিফেন্সে গ্যারি কাহিলের সাথে আবারও দেখা যাবে ব্রানিস্ল¬াভ ইভানোভিচকে। চলতি মৌসুমের শেষে চেলসির সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের। কিন্তু কিউপিআর এবং ফ্রেঞ্চ লিগের দল মোনাকোর সাথে জানুয়ারিতে তার সম্পর্কের বিষয়টি উড়িয়ে দিয়েছেন বেনিতেজ। দলের একজন গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবেই তার সাথে দল আরো কিছুদিন থাকতে চায় বলে বেনিতেজ মন্তব্য করেছেন। - বাসস/এএফপি