এবার আনজামের নির্দেশনায় রিয়া

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২০:২০
মৌসুমী, মৌ, পূর্ণিমার পরে এবারে মডেল রিয়াকে নিয়ে কাজ করছেন জনপ্রিয় উপস্থাপক ও হালের ব্যস্ত বিজ্ঞাপন নির্মাতা আনজাম মাসুদ। একটি প্রসাধন সামগ্রীর এই বিজ্ঞাপন চিত্র নিয়ে তিনি এখন ব্যস্ত রয়েছেন। নিজের কাজ প্রসঙ্গে বলেন, ‘আমি কখনওই একের অধিক কাজে থাকতে চাই না। যা যখন করি, খুব মনোযোগের সাথে করার চেষ্টা করি। আপাতত নতুন কয়েকটি বিজ্ঞাপন নির্মাণের কাজে ব্যস্ত রয়েছি।’ দীর্ঘদিন ধরে টিভি অনুষ্ঠান থেকে দূরে থাকার কারণ হিসেবে তিনি বলেন, ‘আপাতত ক্যামেরার পেছনেই কাজ করতে চাই। এ ছাড়া জীবনে বেশি কিছু চাহিদা নেই। আর বিজ্ঞাপনে যেহেতু নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছি, তাই এই এক-দুই মিনিটের ফিল্মেই আজীবন থাকতে চাই।’ মডেল রিয়ার সাথে নতুন বিজ্ঞাপনের কাজ প্রসঙ্গে আনজাম বলেন, ‘রিয়া আমার নির্দেশনায় এর আগেও কাজ করেছেন। সে বরাবরই খুবই প্রফেশনাল। এর আগে মৌসুমী, মৌ—দুজনার সাথে কাজ করেই সত্যিই খুব আনন্দ পেয়েছি। আর যেকোনো কমিটেড পারফর্মারের সাথে কাজ করতেও একজন নির্মাতার আনন্দ হয়।’