নূরানী গঙ্গা নদীর ওপর আজ অবধি কোন সেতু নির্মিত না হওয়ায় সিংগাইর, মানিকগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেবল আজকে নয় স্বাধীনতার বহু আগে থেকেই নদী পারাপারে দুর্ভোগ পোহাচ্ছে এ অঞ্চলের মানুষ। এলাকাবাসীর দাবি কালীগঙ্গা শাখা নূরানী গঙ্গা নদীর ওপর ব্রিজ নির্মাণ করা হলে পাল্টে যেতে পারে সিংগাইর দক্ষিণ মানিকগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলার বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার চিত্র। তাদের যাতায়াত দুর্ভোগ লাঘবের পাশাপাশি কালিয়াকৈর,ধারারচর, হাটিপাড়া, নবাবগঞ্জের, শিকারীপাড়া, নয়নশ্রী, বারুয়াখালী ইউনিয়সহ বিস্তৃত এলাকার মানুষের কর্মস্থল সৃষ্টি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক এমনকি সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটবে।
সিংগাইর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম মন্টু বলেন, এখানে সেতু হলে এলাকার কৃষক উত্পাদিত ধান, সবজি ঘরে তুলতে যেমন বিপাকে পড়তে হয় তেমনি বাজারজাত করতে পায় না ন্যায্য মূল্য। এছাড়া রাজধানী কিংবা জেলা সদরে যেতেও ৭/৮কি.মি. ঘুরে যেতে হয়। ফলে জ্বালানি তেলের যেমন অপচয় হয় তেমনি অধিক ভাড়া ও অতিরিক্ত সময় পার করতে হয়। নদীর উপর সেতু নির্মাণ করা হবে এবং জেলা, রাজধানী ও উপজেলার সঙ্গে সরাসরি বাস ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করবে এমন স্বপ্ন দেখলেও সে স্বপ্ন আজো বাস্তবায়িত হয়নি।
