ঢাবির বকুলতলায় সঞ্জীব উত্সব

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩৭
গতকাল ছিলো শিল্পী-সুরকার সঞ্জীব চৌধুরীর জন্মদিন। বেঁচে থাকলে মঙ্গলবার তিনি পালন করতেন ৫০তম জন্মদিন। পৃথিবী থেকে চলে গেলেও গান, কবিতা আর স্মৃতিতে সঞ্জীব চৌধুরী হাজারো তরুণের মাঝে সর্বদাই জাগ্রত। তাইতো তার জন্মদিনে শুধু জন্মদিন পালন নয়, হয় সঞ্জীব উত্সব। মঙ্গলবার সে উত্সবেরই আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘সঞ্জীব উত্সব’ অনুষ্ঠিত হয়। এতে তাকে স্মরণ করা হয় গানে গানে। গান পরিবেশন করে দ্য ব্রাদারহুড প্রজেক্ট, দৃক, পরিধি, শহরতলী, অন্যস্বর এবং সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদারের ব্যান্ডদল দলছুট। উত্সবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থীকে সঞ্জীব চৌধুরী বৃত্তি প্রদান করা হয়। দলছুটের পক্ষ থেকে এ বৃত্তি বাবদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। প্রয়াত সাংবাদিক ও সঙ্গীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৯৬২ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। চারুকণ্ঠের বিজয় উত্সব চারুকণ্ঠ আবৃত্তি সংসদের আয়োজনে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হলো বিজয় উত্সব। এ উত্সবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিরঞ্জন অধিকারী। আলোচনা সভা শেষে বিজয় উত্সবে কবিতা আবৃত্তি করেন চারুকণ্ঠের আবৃত্তি শিল্পীরা।