জাতীয় লিগে এবার মোহামেডানও শাস্তির হুমকির মধ্যে পড়েছে।
গত শনিবার আরামবাগের বিপক্ষে ম্যাচ শেষে দলটির ভারপ্রাপ্ত কোচ জুয়েল রানা সংবাদ সম্মেলনে আসতে অস্বীকৃতি জানানোই এর কারণ। নিয়তিম কোচ সাইফুল বারী টিটু অসুস্থ থাকায় জুয়েল রানাই খেলাটিতে কোচের দায়িত্ব পালন করেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে না আসায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটি বিষয়টি ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘মোহামেডান কোচের বিষয়টি ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়েছে। কমিটিই তাদের বিবেচনা অনুযায়ী শাস্তি নির্ধারণ করবেন। তবে মোহামেডান কোচ যেহেতু এই বিষয়ে প্রথমবারের মতো অপরাধ করেছেন সেজন্য তাকে সতর্কও করা হতে পারে।’
উল্লেখ্য, কয়েকদিন আগেই বাফুফের ডিসিপ্লিনারি কমিটির শাস্তির মুখে পড়ে দেশের আরেক ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। সমর্থকদের উচ্ছৃঙ্খলতার জন্য ডিসিপ্লিনারি কমিটি আবাহনীকে দুই লাখ টাকা জরিমানা করে। বাংলানিউজ
