আগামী শুক্রবার থেকে নগরীর আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শুরু হচ্ছে আট দলের সোনালী অতীত ক্লাব গজনবী মাস্টার্স ফুটবল টুর্নামেন্ট। জাতীয় দলের সাবেক ২০জন এ প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
এতে খেলবে বরিশাল সোনালী অতীত ক্লাব, ঢাকা সোনালী অতীত ক্লাব, নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব, ঈশ্বরদী সোনালী অতীত ক্লাব, খুলনা সোনালী অতীত ক্লাব, টাঙ্গাইল সোনালী অতীত ক্লাব, চাঁদপুর সোনালী অতীত ক্লাব ও মানিকগঞ্জ সোনালী অতীত ক্লাব। উদ্বোধনী দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা ও পরদিন দুপুর পর্যন্ত চলবে এ টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় রাউন্ড এবং সেমিফাইনাল খেলা। দ্বিতীয় দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।
সোনালী অতীত ক্লাবের বরিশাল জেলার সভাপতি,বিভাগীয় ফুটবল ফেডারেশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুরুজ জানান, জাতীয় দলের সাবেক খেলোয়াড় (পাকিস্তান আমলের) বরিশাল বিভাগের ভোলা’র কৃতী ফুটবলার গজনবী’র নামানুসারে এ টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে সোনালী অতীত গজনবী মাস্টার্স ফুটবল টুর্নামেন্ট। তিনি ইত্তেফাককে জানান, এবার এ টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণ করা হয়েছিলো চট্টগ্রামে। কিন্তু পরবর্তীতে ঢাকা সোনালী অতীত ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ভেন্যু নির্ধারণ করা হয়।
ইতোমধ্যে দু’দিনব্যাপী এ খেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ টুর্নামেন্টে তিনিসহ বরিশাল সোনালী অতীত ক্লাবে খেলবেন সিটি মেয়র শওকত হোসেন হিরনসহ বরিশালের খ্যাতিমান ফুটবলাররা। ঢাকা সোনালী অতীত ক্লাবে জাতীয় দলের সাবেক খেলোয়াড় আসলাম, বাদল রায়সহ আট দলে জাতীয় দলের সাবেক ২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। দলগুলোর খেলোয়াড়দের থাকা খাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরনের খেলা দেখার জন্য অপেক্ষায় আছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। সাবেক ফুটবলারদের এ টুর্নামেন্টকে কেন্দ্র করে নগরীর প্রাণকেন্দ্র বিবির পুকুরসহ স্টেডিয়াম পাড়া ফেস্টুন ও বিশাল বিলবোর্ড দিয়ে সাজানো হয়েছে। এখনো চলছে আলোকসজ্জাসহ বর্ণিল সকল আয়োজনের শেষ প্রস্তুতি ।
