হ লি উ ড

সেরা ১০ ছবি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ১৯:০০
ব্রেভ ‘ব্রেভ’ নামের এই অ্যানিমেটেড মুভিটি নির্মাণ করেছে পিক্সার অ্যানিমেশন স্টুডিওস, মুভিটি রিলিজ পেয়েছে ওয়াল্ট ডিজনি পিকচার্স থেকে। যারা চলচ্চিত্র জগতের খোঁজখবর রাখেন তাদের জন্য এই দুটি তথ্যই ‘ডাউনলোডে ঝাঁপিয়ে পড়ার জন্য’ যথেষ্ট। ২০১২ সালে রিলিজকৃত সেরা দশটি মুভির তালিকার ‘ব্রেভ’ বর্তমানে অষ্টম অবস্থানে আছে। ‘আইস অ্যাইজ’ আর ‘মাদাগাস্কার ৩’-এর পরে এটিই এ বছরের সেরা অ্যানিমেটেড মুভি। আর এর পরিচালক হলেন মার্ক এন্ড্রুস এবং ব্রেন্ডা চ্যাপম্যান। এর বাজেট ছিল ১৮৫ মিলিয়ন ডলার। আব্রাহাম লিঙ্কন :ভ্যাম্পায়ার হান্টার এটি ফ্যান্টাসিধর্মী চলচ্চিত্র। এর গল্পে দেখা যায়, আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন জানতে পারেন ভ্যাম্পায়াররা আমেরিকার দখল নিতে চায়। তাদের নির্মূল করতে মিশনে নামেন তিনি। একসময় বুঝতে পারেন ভ্যাম্পায়ারের বিরুদ্ধে একা লড়াই করে জেতা সম্ভব না। তিনি অস্ত্র ছেড়ে বেছে নিলেন রাজনীতিকে। শপথ নিলেন—প্রতিটা আমেরিকান দাসত্ব থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত লড়াই করে যাবেন তিনি। মুভিটির পরিচালক তিমুর বেকমাম্বেতভ। ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে আয় করে ১৬ দশমিক ৫ মিলিয়ন ডলার। স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান জার্মান রূপকথার বিখ্যাত লেখক গ্রিম ভাইদের ততোধিক বিখ্যাত গল্প ‘স্নো হোয়াইট’ বা তুষারকন্যা অবলম্বনে নির্মিত ছবি ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’। ছবিটিতে স্নো হোয়াইটের চরিত্রে অভিনয় করেছেন ‘টোয়ালাইট’ খ্যাত ক্রিস্টেন স্টুয়ার্ট এবং দুষ্টু রানির চরিত্রে অস্কারজয়ী শার্লিজ থেরন। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন ক্রিস হেমসউয়র্থ, লিলি কোল, লিবার্টি রস ও অ্যানাস্টাসিয়া হিলি। ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ৩৯ কোটি ডলার। চলচ্চিত্রটির পরিচালক রুপার্ট স্যান্ডার্স। দ্য অ্যামেজিং স্পাইডারম্যান সিরিজের চতুর্থ পর্বে আগের স্পাইডারম্যান টোবি ম্যাগুয়ারের পরিবর্তে অ্যান্ড্রু গারফিল্ড বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে। নতুন হিসেবে স্পাইডারম্যানকে ভালোই ফুটিয়ে তুলেছেন তিনি। এই পর্বে স্পাইডারম্যান তার পিতা-মাতার নিরুদ্দেশ হওয়ার কারণ অনুসন্ধানে নামে। আর এতে সে সংঘাতে জড়িয়ে পড়ে ড. কনরসের সাথে। সিনেমাটির আরও একটি বড় চমক ছিল, সেটা থ্রিডিতে মুক্তি দেওয়া হয়েছিল। দর্শক মাতানো স্পাইডারম্যানের সিরিজ সবার কাছেই সব সময়ই আকর্ষণীয়। নতুন এই পর্বটি সবার কাছে বেশ ভালোই গ্রহণযোগ্যতা পেয়েছে। মার্ক ওয়েব চলচ্চিত্রটির পরিচালক। স্কাইফল বন্ড ফ্র্যাঞ্চাইজের মজাই হলো এই যে, এই ফ্র্যাঞ্চাইজ বস্তুত জেমস বন্ডকে অমর করেছে—যেন বন্ড একটা মজার খেলা, যা প্রতি যুগে এবং প্রতি প্রজন্মে নতুন করে খেলা যায়। বন্ডের সাথে একদিকে প্রযুক্তির, অন্যদিকে বিশ্বরাজনীতির যে সংযোগটা গোড়া থেকেই ছিল, সেটার একটা আধুনিকীকরণ ঘটে চলেছে ছবি থেকে ছবিতে। বন্ড সিরিজের ২৩তম চলচ্চিত্র ‘স্কাইফল’। এটি চলতি বন্ড ড্যানিয়েল ক্রেগের তৃতীয় ছবি। মুক্তির সাথে সাথেই বেশ ভালো ব্যবসা করে ছবিটি। ‘স্কাইফল’-এর মতো এরকম সাফল্য প্রথম সপ্তাহান্তে বক্স অফিসে আর কোনো বন্ড ছবি দেখাতে পারেনি। ছবিটির পরিচালনা করেছেন স্যাম ম্যান্ডেজ। দ্য হাঙ্গার গেমস চলচ্চিত্রটি মুক্তি পায় গত ২৩ মার্চ। রিলিজের পর থেকে এখনও পর্যন্ত এই চলচ্চিত্রটি মোট ৬৮ কোটি ডলারের চেয়ে বেশি ব্যবসা করেছে। এটির নির্মাণ ব্যয় ছিল ৭৮ মিলিয়ন ডলার। টানা ৪ সপ্তাহ আমেরিকান টপচার্টের শীর্ষে থেকে এই ছবিটি নতুন রেকর্ডও করেছে। সায়েন্স ফিকশনধর্মী কিশোর অ্যাডভেঞ্চার ধারার এই ছবিতে দেখা গেছে ভবিষ্যতের পৃথিবীর একটি দেশ পানেমের ঘটনাবলি। ছবিটির গ্রাফিক্স ও শব্দশৈলী মানসম্পন্ন, তবে গ্রাফিক্স অন্যান্য হলিউডি মুভির তুলনায় ততটা বেশি নয়, মানে কাহিনীর প্রয়োজনে যতটুকু দরকার ততটুকুই দেখানো হয়েছে। ছবি পরিচালনা করেন গ্রে রস। দ্য ডার্ক নাইট রাইজেস এই মুভির অন্যতম শক্তিশালী দিক এর প্লট। অনেক ভালো একটা প্লটের উপর ভিত্তি করে কাহিনী আবর্তিত হয়েছে। এখানে অন্তত দর্শকের অপরিচিত কোনো চরিত্র নেই। তবে তাদের কাজগুলো কিছুটা অপরিচিত। এতে করে সুবিধা হয়েছে এই, যারা আগে থেকেই ‘ব্যাটম্যান’-এর কাহিনী সম্পর্কে জ্ঞান রাখেন তারাও অনেকে নতুনত্ব খুঁজে পাবেন কাহিনীতে। তবে অ্যাকশন দৃশ্য এ ছবির সবচেয়ে দুর্বল দিক। সুপারহিরো মুভি হিসেবে যতটুকুই অ্যাকশন দেখাবে বলে আশা করা হয়েছিল তার প্রায় কিছুই হয়নি। চলচ্চিত্রটি পরিচালনা করেন ক্রিস্টোফার নোল্যান। দ্য হবিটস :আনএক্সপেক্টেড জার্নি বছর শেষে ‘লর্ড অব দ্য রিংস’-এর পরিচালক পিটার জ্যাকসনের পরিচালনায় নতুন চলচ্চিত্র ‘দ্য হবিটস :অ্যান আনএক্সপেক্টেড জার্নি’ মুক্তি পায় পিটার জ্যাকসন তার আগের সাফল্য ধরে রাখতে পারবেন কিনা এটাই এখন দেখার বিষয়। মজার ব্যাপার হলো এ ছবির নায়ক ব্র্যাট ম্যাকেঞ্জি একজন জনপ্রিয় অভিনেতা। তিনি ‘লর্ড অব দ্য রিংস’-এর দুটি পর্বেও অভিনয় করেছিলেন। সেই জনপ্রিয় অভিনেতাকে আবারও দেখা যাবে ‘দ্য হবিটস :অ্যান আনএক্সপেক্টেড জার্নি’ চলচ্চিত্রে। ব্রেকিং ডন পার্ট টু টোয়ালাইট সিরিজের দ্বিতীয় থ্রিলার ছবি ‘ব্রেকিং ডন পার্ট টু’ মুক্তির তিন দিনের মাথায় বিশ্বব্যাপী আয় করেছে ৩ কোটি ৪০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। যা এ সিরিজের প্রথম ছবির এক সপ্তাহের রেকর্ড অতিক্রম করে গেছে। রবার্ট প্যাটিনসন, ক্রিস্টেন স্টুয়ার্ট ও টেইলর লুথনার অভিনীত ‘ব্রেকিং ডন পার্ট টু’ মুক্তি পায় গত ১৬ নভেম্বর। আগের পার্টের ভ্যাম্পায়ারের কাহিনী নিয়েই করা হয়েছে শেষ পর্বটি। এখানে বেলাকে ভ্যাম্পায়ার হিসেবে দেখানো হয়। চলচ্চিত্রটি পরিচালনা করেন বিল কনডন। দ্য অ্যাভেঞ্জারস মার্ভেল স্টুডিওর এবং ওয়াল্ট ডিজনির মোশান পিকচার্সের ব্যানারে আসে ‘দ্য অ্যাভেঞ্জারস’ ছবি। ছবিটিতে হলিউডি সুপারহিরো সিনেমাগুলোর প্রায় সবগুলো সুপারহিরোকে নিয়ে আসা হয়েছে। এ তালিকায় আয়রনম্যান, থর, হাল্ক, ক্যাপ্টেন আমেরিকাসহ আরও অনেকেই রয়েছেন। সিনেমাটিতে এর গল্পটি সাজানো হয়েছে একটি আশ্চর্য পাথরকে নিয়ে। ভিনগ্রহ থেকে আসা লোকি সেই পাথরের ক্ষমতা ব্যবহার করে পৃথিবীকে দখল করে নিতে চায়। তাকে সহায়তা করতে এগিয়ে আসে ভিনগ্রহের প্রাণী। পৃথিবী রক্ষায় এগিয়ে আসে সব সুপারহিরো। ছবিটি পরিচালনা করেন জস ওয়েডন।