বছরজুড়ে আলোচনায় পূজা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:০১
বছর শেষে এখন অনেকেই নানা হিসাব-নিকাশ করলেও গেল বছর খুব সাদামাটা হিসেবে কণ্ঠশিল্পী পূজার সেলফ টাইটেল অ্যালবামটি ছিল সবচেয়ে বেশি আলোচনায়। গেল বছর দ্বৈত গানের জোয়ারে একাধিক ডুয়েট গান রিলিজ হলে তা নিয়েও হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। এর ভেতরে পূজা ও আরফিন রুমীর গাওয়া ‘দূরে দূরে’ গানটি বেশ জনপ্রিয়তা পায় মিউজিক ভিডিওর কল্যাণেই। এ ছাড়া অ্যালবামের বেশ ক’টি গানের ভিডিও এবং স্যাটেলাইট চ্যানেলের ক্যাম্পেইনের কারণে অ্যালবামটিও ছিল আলোচনায়। নিজের এই সাফল্য প্রসঙ্গে পূজা বলেন, ‘নিজের সাফল্যের চিন্তা তো থাকেই তবে এই সময়ে সবচেয়ে বেশি টেনশন কাজ করে অ্যালবামের গানগুলো শ্রোতাদের কানে গেল কি না তা নিয়ে। সেদিক দিয়ে আমার এই অ্যালবামটি বেশ আলোচনা তৈরি করলেও আমার মন খারাপ হয় একটি কারণেই। তা হলো, এখন এমন একটা প্রবণতা তৈরি হয়েছে যে, ভালো গান থাকলেও তার মিউজিক ভিডিও না হলে তা শ্রোতাদের কানে যায় না। এ কারণে আমার অ্যালবামেরও অনেকগুলো ভালো গান চাপা পড়ে গেছে। তাই ইচ্ছে আছে সবগুলো গানেরই আলাদা আলাদা ভিডিও তৈরি করার। এ ছাড়া নিজেকে মঞ্চের জন্যও তৈরি করছি। খুব শিগগিরই আমার নতুন এককের কাজ শুরু করব। যা নতুন বছরে মুক্তি পাবে।’