শখের নিজের মতো করে থাকা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:০৩
ইদানীং বাতাসে ছড়াচ্ছে নিলয় আর তার প্রেমের সম্পর্কের গুজব। শখের কথায়, ‘দেখুন বন্ধুত্বের সম্পর্কেও কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। অথচ এমনভাবে নিউজ আসছে যে ডিভোর্সের মতো ঘটনা ঘটেছে। আমরা দুজন মনে হচ্ছে মামলা শুরু করেছি। নিজেদের ব্যস্ততা আর কাজটাই আমার জন্য প্রধান বিবেচ্য। একই সাথে টিভিসি, নাটক আর সিনেমায় কাজ করছি। এর ভেতর নিজের ক্যারিয়ার ঠিক রাখা, সবার সাথে সম্পর্ক মেইনটেইন করার কত যন্ত্রণা তা আমাদের অবস্থানে থাকলেই বুঝা যায়। এর ভেতর কারও সাথে বন্ধুত্ব গড়লেও দোষ, আবার সম্পর্কে একটু পান থেকে চুন খসলেও দোষ। তাই এসব নিয়ে মাথা ঘামানো একেবারে ছেড়েই দিয়েছি। একেবারে নিজের মতো করে থাকি।’ সাম্প্রতিককালে নিজের কাজ ও ক্যারিয়ার নিয়ে প্রকাশিত খবর প্রসঙ্গে শখ বিনোদন প্রতিদিনকে এভাবেই নিজে অবস্থান ব্যাখ্যা করেন। শখ বর্তমানে মুঠোফোনের নতুন বিজ্ঞাপনসহ দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। খুব শিগগিরই তার ‘অল্প অল্প প্রেমের গল্প’-এর নতুন প্রমো রিলিজ হতে যাচ্ছে। নতুন চলচ্চিত্র প্রসঙ্গে শখ বলেন, ‘বেশ কিছু ভালো গল্পের চরিত্রের অফার পাচ্ছি। আমি চাই পুরোদস্তুর কমার্শিয়াল ছবি করতে। ভালো বাজেট ভালো কনসেপ্টের ছবি হলে অবশ্যই করব। আর এখন অনেক মেধাবী নির্মাতারা চলচ্চিত্রে আসছেন। যা আমাদের জন্য অনেক বড় সুসংবাদ।’