৮ম বর্ষে বৈশাখী টেলিভিশন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:০৩
আজ ৮ বছরে পা রাখছে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশন। নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ সম্প্রচারের সাত বছর পূর্ণ করে ৮ম বছরে যাত্রা শুরুর এই লগ্নে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পৃথক পৃথক বাণীতে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত বৈশাখীর আরও সাফল্য কামনা করে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন :বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রায় সামনের দিনগুলোতে বৈশাখী আরও দায়িত্বশীল ভূমিকা রাখবে। জন্মদিন পালনের জন্য বৈশাখী টেলিভিশন পর্দায় ও পর্দার পেছনে ব্যাপক আয়োজন করেছে। আজ রাত ১২টা ১ মিনিটে জন্মদিনের কেক কেটে উত্সবের সূচনা করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তার সাথে থাকবেন বৈশাখী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বিভিন্ন বিভাগের শীর্ষস্থানীয় সাংবাদিক-কর্মকর্তাবৃন্দ। আমন্ত্রিত বিশিষ্টজনরাও এ অনুষ্ঠানে অংশ নেবেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে নানা আয়োজন। এ উপলক্ষে বৈশাখী পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে বৈশাখীর দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটরসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল। শুভেচ্ছা বাণীতে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অতীতের মতোই বৈশাখীর পথ চলায় সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অনুষ্ঠানমালার মধ্যে সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বৈশাখীর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আগত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য ও স্টুডিও কনর্সাট সরাসরি সম্প্রচার হবে। সারাদিন স্টুডিও কনসার্টে গাইবেন হিমাদ্রী শেখর ও শারমীন সাথী ময়না, অদিতি মহসীন, ফকির শাহাবুদ্দীন, পাগলা বাবুল প্রমুখ।