শেয়ারবাজারে গতকাল সাধারণ মূল্য সূচক ও লেনদেন বেড়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মূলধন বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোরতায় এ খাতের দিকে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল বাজারে লেনদেনের ক্ষেত্রে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের প্রাধান্য ছিল। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সময়ের সাথে সাথে বাজারের সূচক ওঠানামা কিছুটা ধীর গতির মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্ক থাকা উচিত। যেন কোনো অবস্থাতেই আস্থা ভঙ্গ হতে পারে এমন সিদ্ধান্ত নেয়া না হয়। পাশাপাশি শেয়ারবাজার সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হয়।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, গতকাল বাজারে সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই- ২০ মূল্য সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৩ হাজার ৪৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ২৬৬টি কোমপানির ৫ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ২৯৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাত বদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ২১২ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ১৭০ টাকা। যা আগের দিনের চেয়ে ৩১ কোটি ১২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৬৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোমপানি হলো- বেক্সিমকো, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ারওয়েজ, এনভয় টেক্সটাইল, গ্রামীণফোন, জেনারেশন নেক্সট, বিএসসিসিএল, সামিট পাওয়ার, আরএন স্পিনিং ও এনবিএল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০ টি কোমপানি হলো- এফএএস ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, বিআইএফসি, জিএসপি ফাইন্যান্স, সাভার রিফেক্ট্ররীজ, আইসিবি ১ম এনআরবি, আইসিবি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ইনভেষ্টমেন্ট, রিলায়েন্স ইন্সুরেন্স ও এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- মেঘনা পেট্রোলিয়াম, মডার্ন ডাইয়িং, ইস্টার্ন লুব্রিকেন্টস, গ্রামীণ ১, ৭ম আইসিবি, ফার্মা এইড, পপুলার লাইফ ইন্সুরেন্স, জেমিনী সী ফুড, ১ম বিএসআরএস ও এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭০২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই - ৩০ মূল্য সূচক আগের দিনের চেয়ে ১১১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ১৭৪টি কোমপানির ৮৩ লাখ ২২ হাজার ৭১৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের হাত বদল হয়েছে। সিএসই’তে মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ২৪ টাকা। যা আগের দিনের চেয়ে ৪ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ১০৯ টাকা বেশি। লেনদেনকৃত ১৭৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের।
