শেখ রাসেলকে আজ মরণ কামড় দিতে চায় ব্রাদার্স

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:২৩
শেখ রাসেল ক্রীড়াচক্রের বিরুদ্ধে মরণ কামড় দেয়া ছাড়া ব্রাদার্স ইউনিয়নের সামনে আর কোনো পথ খোলা নেই। যেভাবেই হোক তাদের ম্যাচটি জিততেই হবে। শেখ রাসেলকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় ব্রাদার্স। টানা চার ম্যাচ হেরে ব্রাদার্স এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যেখান থেকে উঠতে হলে পয়েন্ট পেতেই হবে। অন্য কোনো বিকল্প নেই দলটির সামনে। চার ম্যাচ হেরে শিরোপা প্রত্যাশী শেখ রাসেলের সামনে পড়েছে ব্রাদার্স ইউনিয়ন। শেখ রাসেলও এতো অল্পতে ছেড়ে দেবে না। তারাও ব্রাদার্সকে হারিয়ে নিজেদের অবস্থান আরো ভালো করতে চায়। ব্রাদার্স এবং শেখ রাসেলের ফুটবল শক্তির মধ্যে বিস্তর ব্যবধান। রাসেলের পয়েন্ট ৪ খেলায় ৯ এবং চার খেলায় ব্রাদার্সের পয়েন্ট ভাণ্ডার শূন্য। নয় দলের মধ্যে সবার নিচে ব্রাদার্স। এক দলের সামনে শিরোপার লক্ষ্য আরেক দলের সামনে বাঁচার লড়াই। কারণ ব্রাদার্সের পায়ের নিচে মাটি নেই। আর এর জন্য ভাগ্যকেও দুষছে গোপীবাগের দলটি। আবাহনীর বিরুদ্ধে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি ব্রাজিলীয় স্ট্রাইকার ফ্যাবিও। সেই ম্যচটায় হার নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ফিরতে হয়েছিল ব্রাদার্সকে। ফেনীতে গিয়ে সকার ক্লাবের বিরুদ্ধে ম্যাচের প্রথম ১০ মিনিটেই দু’টি গোলের সুযোগ নষ্ট করেন এন্ডারসন এবং কিংসলে। হারতে হয়েছে সেই ম্যাচেও। হেরেছে মোহামেডান এবং মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। আফ্রিকান কোচ লাডিবাবা লোলাকে কোচিংয়ের দায়িত্ব দিয়ে নির্ভার ছিল ব্রাদার্স কর্মকর্তারা। কিন্তু ম্যাচে রেজাল্টা না পাওয়ায় হতাশ হচ্ছেন। ভাগ্যকেও দুষছেন। কিন্তু এভাবে আর কত দিন। আজ শেখ রাসেলকে হারিয়ে ক্লাবের গুমোট ভাবটা মুছে দিতে চায় তারা। ব্রাদার্স গোল পেয়েছে গত ম্যাচে সকার ক্লাবের বিরুদ্ধে। ২-০ গোলে পিছিয়ে থাকার পর ৮৫ মিনিটে কিংসলে গোল করলে ব্রাদার্স চলতি লিগে প্রথম গোলের দেখা পায়। সেটাকে পজিটিভ দিক মনে করছেন কোচ লাডিবাবা লোলা এবং দলের ম্যানেজার আমের খান। এটাকে পুঁজি করে আজ মাঠে নামতে চায়। সেজন্য গতকাল সন্ধ্যা অবধি টেন্টের পাশের মাঠে অনুশীলন করে ব্রাদার্স ইউনিয়ন। বড় দল শেখ রাসেলকে কিভাবে আটকানো যায় তা নিয়ে পরিকল্পনা করছিলেন এক সময় ঢাকার মাঠে মোহামেডানের হয়ে খেলে যাওয়া লাডিবাবা লোলা। ম্যানেজার আমের খান বলেন, ‘আমাদের সামনে মরণ কামড় দেয়া ছাড়া উপায় নেই।’ আর শক্ত প্রতিপক্ষ শেখ রাসেলও ব্রাদার্সকে কঠিন বিপক্ষ মনে করে জোর প্রস্তুতি নিয়েছে। গত মঙ্গলবার বড় দিন উপলক্ষে সরকারি ছুটির দিনে বুয়েট মাঠে হাজির থাকলেন শেখ রাসেল ক্রীড়াচক্রে সভাপতি নুরুল আলম চৌধুরী। ছুটি দেয়া হয়নি খিষ্টান ধর্মাবলম্বী সনি নরডে এবং বোজান পেত্রিককে। বড় দিনের খুশির দিনে অনুশীলন করে তারাও সন্তুষ্ট। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে চারটায়। আগামীকাল শুক্রবার আবাহনী মোহামেডান ম্যাচ। পয়েন্ট টেবিল মোহামেডান ৫ ৩ ১ ১ ১০ আবাহনী ৫ ৩ ১ ১ ১০ শেখ জামাল ৪ ৩ ১ ০ ১০ শেখ রাসেল ৪ ৩ ০ ১ ৯ মুক্তিযোদ্ধা ৫ ২ ১ ২ ৭ বিজেএমসি ৫ ১ ২ ২ ৫ আরমবাগ ৪ ১ ০ ৩ ৩ সকার ক্লাব ৪ ১ ০ ৩ ৩ ব্রাদার্স ৪ ০ ০ ৪ ০