ইনজুরির কারণে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা নেই। আর অকল্যান্ড দলের হয়ে খেলতে নিউজিল্যান্ডে গেছেন তামিম ইকবাল। জাতীয় দলের তিন তারকাকে ছাড়াই আজ থেকে শুরু হচ্ছে প্রথমবারের মত আয়োজিত ফ্রাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ফ্রাঞ্চাইজি লিগ বলেই প্রতিটি অঞ্চলকে এক একটি নাম দেয়া হয়েছে। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণ অঞ্চলের মধ্যে লড়াই হবে সকাল সোয়া নয়টায়। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হবে বিসিবি উত্তর অঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্ব অঞ্চল।
সাকিব-তামিম-মাশরাফি নেই, তারা থাকলে লিগটি আরো আকর্ষণীয় হত। তবে আফসোস করেননি প্রাইম ব্যাংক দক্ষিণ অঞ্চলের কোচ খালেদ মাহমুদ সুজন। খুলনা ও বরিশালকে নিয়ে গড়া দক্ষিণ অঞ্চল। ইনজুরির কারণে বাদ না পড়লে এই অঞ্চলের অধিনায়ক থাকতেন সাকিব। আপাতত এই অঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাক। কাল দলের অনুশীলন শেষে সুজন বলেন, ‘সাকিব দলে থাকলে দলের অন্য খেলোয়াড়দের উত্সাহ বাড়ত। সে নেই তবুও আমরা মনে করি দলের প্রত্যেকে নিজের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে’।
বছর দুয়েক আগে এনসিএলও ফ্রাঞ্চাইজিভিত্তিকভাবে আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সেটি আর আলোর মুখ দেখেনি। ফ্রাঞ্চাইজি এবারের বিসিএল অবশ্য সেরকম হবে না বলেই মনে করেন সুজন, ‘এই লিগটি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এনসিএলে সবাই ভালো খেলার চেষ্টা করবে। সবার মধ্যে লড়াইয়ের মনোভাব থাকবে’।
খেলোয়াড়দের মধ্যেও বিসিএল নিয়ে উত্তেজনা কাজ করছে। প্রথমবারের মত ফ্রাঞ্চাইজি লিগ হতে যাচ্ছে। যেখানে খেলোয়াড়দের ম্যাচ ফিসহ অন্যান্য সুযোগ-সুবিধাও এনসিএল থেকে বেশি থাকবে। পাশাপাশি নিজেদের সেরা খেলারও একটা চেষ্টা থাকবে। মধ্যাঞ্চলের বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানির চোখেও বিসিএলে নতুন কিছু করার পরিকল্পনা। কাল অনুশীলন শেষে সানি বলেন, ‘এই টুর্নামেন্টে আমাদের লক্ষ্য থাকবে নিজেদের সেরা খেলাটা খেলার। যেহেতু প্রথমবারের মত এই লিগ হতে যাচ্ছে এবং এনসিএলের সেরা পারফর্মারদের নিয়ে বিসিএলের দল গড়া হয়েছে। তাই খেলোয়াড়দের মধ্যেও ভালো খেলার প্রচেষ্টা থাকবে’।
মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এই দলে রয়েছেন মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, ইলিয়াস সানি। শক্তির বিচারে পিছিয়ে নেই দক্ষিণ অঞ্চলও। রাজ্জাকের নেতৃত্বে রয়েছেন ইমরুল কায়েস, জিয়াউর রহমান জিয়া, রুবেল হোসেন, অভিষেকে টেস্ট দুর্দান্ত বোলিং করা সোহাগ গাজী।
এদিকে বিজয় দিবস প্রদর্শনী ম্যাচ খেলতে না আসায় শাস্তিস্বরূপ নাজিমুদ্দিন ও আলাউদ্দিনকে বিসিএলের স্কোয়াডে রাখা হয়নি। বাঁছাইকৃত ৮০ জনের তালিকায় এই দুইজনকে বাদ দিয়েছেন নির্বাচক কমিটি। নির্বাচক কমিটির প্রধান আকরাম খান স্বীকার করেছেন, শাস্তির কারণে এদের বাদ দেয়া হয়েছে। তবে দুর্ভাগ্য হচ্ছে শাহরিয়ার নাফীসের। টেস্ট খেলোয়াড় হওয়া সত্বেও প্রাইম ব্যাংক দক্ষিণ অঞ্চলের ১৫ জনের স্কোয়াডে রাখা হয়নি তাকে। সুযোগ না পেয়ে হতাশ নাফীস কাল অনুশীলন শেষে শুধু জানিয়েছেন, দ্বিতীয় রাউন্ড খেলার অপেক্ষায় আছি।
উল্লেখ্য, ২৭ থেকে ৩০ ডিসেম্বর বিসিএলের প্রথম রাউন্ড শেষে ২ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি শুরু হবে বিসিএলের দ্বিতীয় রাউন্ড।
ওয়ালটন মধ্যাঞ্চল দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), রকিবুল হাসান, মুশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ আশরাফুল, শুভাগত হোম, শামসুর রহমান, মার্শাল আয়্যুব, মেহরাব হোসেন, ইলিয়াস সানি, নূরুল হাসান, সাহাদাত হোসেন, আসিফ আহমেদ, মোহাম্মদ শরিফ, আরাফাত সানি ও তালহা জোবায়ের।
অতিরিক্ত: মাহাবুবুল আলম, রনি তালুকদার, সগির হোসেন, তারেক আজিজ ও মোহাম্মদ শরিফুল্লাহ।
প্রাইম ব্যাংক দক্ষিণ
অঞ্চল দল
আব্দুর রাজ্জাক (অধিনায়ক), ইমরুল কায়েস, মো. মিথুন, সৌম্য সরকার, তুষার ইমরান, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, এনামুল হক, রুবেল হোসেন, আল আমীন, সোহাগ গাজী, রবিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, সালমান হোসেন ও মুরাদ খান।
অতিরিক্ত: মনির হোসেন, শাহরিয়ার নাফীস, নাসিরউদ্দিন ফারুক, তাপস ঘোষ ও ডলার মাহমুদ।
