ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে দর্শকের মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:২৪
ভারত পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচের সময় হূদরোগে আক্রান্ত হওয়া ৪৭ বছর বয়সী এক ক্রিকেট সমর্থক মঙ্গলবার গভীর রাতে মারা গেছেন। ব্যাঙ্গালুরুতে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান। খবর ইয়াহু ইন্ডিয়ার। ভারত খেলাটিতে পাঁচ উইকেটে হারে পাকিস্তানের কাছে। পুলিশের ডেপুটি কমিশনার রবিকান্ত গাওড়া বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, ‘পাকিস্তানের ব্যাটিং চলাকালে ১৮তম ওভারের সময় কামাল জৈন খেলা দেখার সময় অসুস্থ বোধ করেন। তাকে সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে কাছের মালিয়া হাসপাতালে নেয়া হলেও ভর্তির পরপরই তিনি মারা যান।’ উড়িষ্যার অধিবাসী হলেও জৈন ব্যাঙ্গালুরুতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিলে সাথে থাকা পরিবারের সদস্যরা তাকে স্টেডিয়াম থেকে বের করে হাসপাতালে নিয়ে যান।