জাতীয় সাইক্লিংয়ে বিজেএমসিই সেরা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪১
ডাঃ আব্দুল বাসেত ৩৬তম জাতীয় সাইক্লিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিজেএমসি। অফিস দলটির কাছে দাঁড়াতেও পারেনি অন্য কোনো দল। বিজেএমসি ১২টি স্বর্ণ, ১০টি রৌপ্য এবং সাতটি ব্রোঞ্জ পদক জয় করেছে। তারাই গতবার একচেটিয়া আধিপত্য দেখিয়ে গেছে। এবারও তাই হয়েছে। গত আসরের ২০টি ইভেন্টের মধ্যে ১৯টি স্বর্ণ নিয়ে গেছে বিজেএমসি। একটি ছিল বিজিবির। এবার আনসার ভিডিপি এবং বিজিবি চারটি করে স্বর্ণ পেলেও আনসার আটটি রৌপ্য এবং ছয়টি ব্রোঞ্জ পাওয়ায় তারা রানার্সআপ হয়েছে। বিজিবি দুইটি রৌপ্য পেয়েছে। ব্রোঞ্জের ঘর শূন্য। ঢাকা জেলা, কুমিল্লা জেলা, দিনাজপুর জেলা স্বর্ণ পদকের ঘরে প্রবেশ করা তো দূরের কথা এই দলগুলো রৌপ্য পদকও স্পর্শ করতে পারেনি। তবে ঢাকা পাঁচটি, কুমিল্লা ও দিনাজপুর একটি করে ব্রোঞ্জ পেয়েছে। দুই দিনের জাতীয় সাইক্লিং গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ হয়েছে। প্রতিযোগিতায় ১৫টি দল ২০টি ইভেন্টে লড়াই করেছে। পাঁচটি স্বর্ণ পেয়েছেন বিজেএমসির সোনিয়া ইয়াসমিন অভি। সাইক্লিংয়ে এবার সেরকম নতুন কোনো প্রতিভাবান মুখের দেখা পায়নি আয়োজক সাইক্লিং ফেডারেশন। ঘুরে ফিরে পুরোন মুখই প্যাডেল ঘুরাচ্ছেন। লড়াইটা বিজেএমসি এবং আনসারের মধ্যেই ছিল। পুরুষদের এলিমিনেশন রেসে বিজেএমসির তরিকুল ইসলাম স্বর্ণ জয় করলেও আনসারের ইফতিয়ার উদ্দিন আশিক রৌপ্য নিয়েছেন। মহিলাদের গ্রুপে বিজেএমসির সোনিয়া ইয়াসমিন অভি স্বর্ণ জয় করেন, আনসারের আকাশী সুলতানি রৌপ্য নিয়েছেন। পুরুষদের পনের হাজার মিটার স্ক্র্যাচ ইভেন্টে বিজেএমসির মেহেদী হাসান জুয়েল স্বর্ণ আনসারের ইফতিয়ার উদ্দিন আশিক রৌপ্য এবং এই ইভেন্টে দুই হাজার মিটার মহিলাদের লড়াইয়ে বিজেএমসির ফারহানা সুলতানা শিলা স্বর্ণ এবং আনসারের আকাশী সুলতানা রৌপ্য জয় করেন। পুরুষদের চার হাজার মিটার ব্যক্তিগত পারস্যুট ইভেন্টে বিজিবির রিপন কুমার বিশ্বাস স্বর্ণ, বিজেএমসির মিজানুর রহমান রৌপ্য পেয়েছেন। এই ইভেন্টে দুই হাজার মিটার মহিলাদের লড়াইয়ে বিজেএমসির সমাপ্তি রায় স্বর্ণ এবং একই দলের শিল্পী আক্তার রৌপ্য পেয়েছেন। বিকেলে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন মরহুম ডাঃ আব্দুল বাসেত সাহেবের কন্যা মিসেস ফাতেমা জহির সুইটি।