দশ হাজারি ক্লাবে সাঙ্গাকারা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪১
কুমার সাঙ্গাকারা টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের ক্লাবে যোগ দিয়েছেন। গতকাল বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজে) স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে কাঙ্ক্ষিত এ লক্ষ্যে পৌঁছে যান শ্রীলংকার বাঁ-হাতি ব্যাটসম্যান সাঙ্গাকারা। তিনি হলেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে অমন নজির গড়া মাত্র ১১তম ব্যাটসম্যান, লংকান হিসেবে দ্বিতীয়। শ্রীলংকার জন্য কালকের দিনটি ভালো ছিল না। সাবেক অধিনায়ক সাঙ্গাকারা তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন এদিন। লাঞ্চের ঠিক আগের ওভারে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিশেল জনসনকে দারুণ কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে দশ হাজারি ক্লাবে যোগ দেন তিনি। ১১৫তম টেস্টে এসে দারুণ এক অর্জন সাঙ্গাকারার। দ্রুততমও বটে। সাঙ্গাকারার মত ১৯৫তম ইনিংসে দশ হাজারি ক্লাবে পৌঁছেছেন এর আগে কেবল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী বাঁ-হাতি ব্যাটসম্যান ব্রায়ান লারা ও ভারতের ব্যাটিং ঈশ্বর শচিন টেন্ডুলকার। সাঙ্গাকারা কাল ৯৮ বলের মোকাবেলা করে ৫৮ রান করেন আটটি দর্শনীয় বাউন্ডারিতে ভর করে। জনসনের বলেই কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি (১০,০১৮)। বর্তমান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে প্রথম লঙ্কান ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন। টেস্ট ক্রিকেটে দশ হাজার রান শচিন টেন্ডুলকার (ভারত) - ১৫,৬৪৫ রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ১৩,৩৭৮ রাহুল দ্রাবিড় (আইসিসি/ভারত)- ১৩,২৮৮ জ্যাক ক্যালিস (আইসিসি/দক্ষিণ আফ্রিকা)-১২,৯৮০ ব্রায়ান লারা (আইসিসি/ওয়েস্ট ইন্ডিজ)- ১১,৯৫৩ অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া)- ১১,১৭৪ স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া)-১০,৯২৭ শিবনারায়ণ চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ)- ১০,৬৯৬ মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা)- ১০,৬৭৪ সুনীল গাভাস্কার (ভারত)-১০,১২২ কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা) -১০,০১৮