যৌতুকের দাবিতে গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গঙ্গানগর এলাকার নুর আমিন ও তার পরিবারের লোকজন মুখে বিষ ঢেলে গৃহবধূ ছালেহা বেগমকে (২৩) হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর চিত্কারে আশপাশের লোকজন ছালেহা বেগমকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রূপগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ বছর পূর্বে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের গিয়াসউদ্দিনের মেয়ে ছালেহা বেগম ও গঙ্গানগর এলাকার খালেছুর রহমানের ছেলে নুর আমিনের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা দেয়া হয়। বিয়ের সাড়ে ৩ বছর পর একটি সন্তানের জন্মের পর আরো এক লাখ টাকা যৌতুক দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় গৃহবধূ ছালেহা বেগমের ওপর প্রতিনিয়ত নির্যাতন চালানো হতো। ঘটনার রাতে ছালেহার শ্বশুর খালেছুর রহমান, শাশুড়ি রোকেয়া বেগম, স্বামী নুর আমিন ও ভগ্নিপতি মোহসিন মিয়া নির্যাতনের পর জোরপূর্বক ছালেহার মুখে বিষ ঢেলে দেয়। এ ব্যাপারে ছালেহার ভাই আকতার হোসেন বাদি হয়ে ৪জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
