মির্জাপুরে ৮৪০ কি.মি. রাস্তার বেহাল দশা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৭
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের এবং এলজিইডির অধীনে ৯৪০ কি.মি. রাস্তার মধ্যে ৮৪০ কি.মি. রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অর্থের অভাবে রাস্তায় কাজ না হওয়ায় রাস্তাগুলো ভেঙেচুরে এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে মির্জাপুর উপজেলার হাজার হাজার মানুষের চলাচলের ক্ষেত্রে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সওজ এবং এলজিইডি অফিসে যোগাযোগ করা হলে অফিসের কর্মকর্তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন- প্রয়োজনের তুলনায় অর্থ বরাদ্দ না পাওয়ার কারণে যুগ যুগ ধরে এই রাস্তাগুলোর বেহাল অবস্থা। এলাকার লোকজন অভিযোগ করেছেন, বিভিন্ন সরকারের সময় বিভিন্ন দলের মন্ত্রী-এমপিরা রাস্তা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা উন্নয়ন হচ্ছে না। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের শেষ নেই। বিশেষ করে বর্তমান সরকারের সময়ে মির্জাপুর উপজেলায় রাস্তাঘাটসহ ব্রিজ-কালভার্টের উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অর্থের অভাবে মির্জাপুর উপজেলার পুরো উন্নয়নমূলক কাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে।