টপ মডেল নওশীন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় প্রত্যেককে পেছনে ঠেলে দিয়ে বিজয়ের মুকুট পরলেন নওশীন। কঠোর পরিশ্রম আর মেধার পরিচয় দিয়ে তিনি জিতে নিয়েছেন ভিট-চ্যানেল আই টপ মডেলের খেতাব। প্রতিযোগিতার দ্বিতীয় আসরে প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন আশা এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন তানিয়া। মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইম মঞ্চে জমকালো গ্রান্ড ফিনালের মাধ্যমে টপ মডেলের ঘোষণা দেয়া হয়। টপ মডেল নির্বাচিত হওয়ার পাশাপাশি নওশীন জিতে নিয়েছেন নগদ পাঁচ লাখ টাকা ও ভিটের ব্রান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ। প্রথম রানারআপ আশা তিন লাখ ও দ্বিতীয় রানারআপ তানিয়া পেয়েছেন দুই লাখ টাকা। প্রায় দুই ঘন্টার বর্ণিল আয়োজন শেষে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী। তাদের সাথে ছিলেন প্রতিযোগিতার তিন প্রধান বিচারক নোবেল, তানিয়া আহমেদ ও রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান এবং গ্রান্ড ফিনালের অতিথি বিচারক চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ ও রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। টপ মডেল ঘোষণার পাশাপাশি ঘোষণা করা হয় ‘সেরা ত্বক’, ‘সেরা হাসি’ ও ‘সেরা কনজ্যুয়ালিটি’। এ পুরস্কারগুলো পান যথাক্রমে তিথি, সাবরিনা ও পিয়া। তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেয়া হয়। গ্রান্ড ফিনালে আয়োজনের শুরুতেই র্যাম্পে অংশ নেন ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১২’র সেরা দশ প্রতিযোগী। এরপর তারা ভালোবাসার লাল রঙের পোশাকে র্যাম্প করেন। এরপরই বড় পর্দায় তুলে ধরা হয় সেরা দশ প্রতিযোগিনীর পুরো সফর। তারপর মঞ্চে আসেন দুই বোন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী। তারা নিজেদের জনপ্রিয় সব গানের খন্ড খন্ড অংশ পরিবেশন করেন। এরপর দেশের অন্যতম সেরা দশ ছেলে মডেলের সাথে সালসা নৃত্য ও র্যাম্পে অংশ নেন সেরা দশ। এরপর তারা প্রাচ্য ও পাশ্চাত্যের মিশেলে নিজেদের নৃত্য প্রতিভা তুলে ধরেন। নূপুরের ঝংকার থেমে যেতেই মিলনায়তন মেতে উঠে এস আই টুটুলের গানে। তিনি ‘দৃষ্টির বৃষ্টিতে ভিজি সারাক্ষণ’ গানটি পরিবেশন করেন। এরপর ছিলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। তার লেখা শেষ গান ‘লিলুয়া বাতাসে সই গো’ গানের তালে নৃত্য পরিবেশন করেন ফেরদৌস ও গতবারের বিজয়ী হাসিন। এ পরিবেশনা শেষে প্রতিযোগীদের জন্য ছিলো অম্ল-মধুর প্রশ্নোত্তর পর্ব। এর আগে তারা মোঘল রীতিতে নির্মিত পোশাক পরে র্যাম্পে হাঁটেন। নৃত্য পরিবেশন করেন চ্যানেল আই সেরা নাচিয়ের সেরা দশ নৃত্যশিল্পী। পরে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। ভিট-চ্যানেল আই টপ মডেলে সেরা দশ প্রতিযোগী ছিলেন— কেয়া, সাদভী, আশা, প্রিয়া, প্রিয়াঙ্কা, প্রকৃতি, নওশীন, সাবরিনা, তিথি ও তানিয়া। রুমানা রশীদ ঈশিতার পরিকল্পনা, রায়হার খানের পরিচালনায় এবারের প্রতিযোগিতাটিতে উপস্থাপনা করে সিজিল মির্জা। এই প্রতিযোগিতার প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০১১ সালে। সেবার এই প্রতিযোগিতার বিজয়ের মুকুট মাথায় পরেন রাজশাহী মেয়ে হাসিন রওশন জাহান। প্রথম রানারআপ হন সানজিদা ইসলাম তাহা এবং দ্বিতীয় রানারআপ হয়েছিলেন নোমিরা আহমেদ রাখি।