স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় দ্রুত লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা কোম্পানির ভেজাল ও নিম্নমানের ওষুধ বাজার থেকে প্রত্যাহার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক, মোহাম্মদ মুরাদ হাসান এবং জেডআইএম মোস্তফা আলী সভায় অংশগ্রহণ করেন । সভায় ৩০তম বৈঠকের সিদ্ধান্ত ও সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় স্থায়ী কমিটি অনুমোদিত কমিটির সদস্য নাজমুল হাসানকে আহবায়ক করে গঠিত ৩ নং সাব-কমিটির সুপারিশকৃত ৬২টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাতিলের সিদ্ধান্ত দেয়ার পর কিসের ভিত্তিতে ৯টি কোম্পানিকে ওষুধ উত্পাদন ও বাজারজাত করার সুযোগ দেয়া হয়েছে এবং ১৯টি কোম্পানির লাইসেন্স বাতিল করা হলেও বাকি ৪৩টি কোম্পানির লাইসেন্স এখনও বাতিল না করার কারণ জানিয়ে কমিটিতে প্রতিবেদন দাখিলের সুপারিশ করা হয়।
সভায় লাইসেন্স বাতিলের জন্য সুপারিশকৃত কোম্পানির ওষুধ এখনও বাজার থেকে প্রত্যাহার না করায় অসন্তোষ প্রকাশ করা হয় ।
সভায় জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের অনিয়ম ও দুর্নীতি তদন্তের জন্য সদস্য মোহাম্মদ আমান উল্লাহকে আহবায়ক করে গঠিত ৭ নং সাব-কমিটির উপস্থাপিত প্রতিবেদনের উপর আলোচনা করা হয়। সভায় জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের অনিয়ম ও দুর্নীতি বিষয়ে ৭ নং সাব-কমিটির প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন (দুদক) এ প্রেরণের সুপারিশ করা হয়।
এছাড়া সভায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলতি বত্সরের সার্বিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহম্মদ হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন ।
