কবিতা ও কবিতা বিষয়ক প্রবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে সৃজনপ্রয়াসী সাহিত্য সাময়িকী ‘পূর্ণবৃত্ত’র অষ্টম সংখ্যা। কবিতা বিষয়ক সংখ্যা হলেও সাময়িকীর শুরুতেই রয়েছে নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদকে নিয়ে কবি মহাদেব সাহা’র লেখা একটি স্মরণাঞ্জলি। মুক্তিযুদ্ধ আমাদের কবিতায় কীভাবে প্রবল প্রভাব বিস্তার করেছে তা ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে তহমিনা তানিয়ার লেখায়। কবি কামাল চৌধুরীর কবিতা নিয়ে প্রাঞ্জল গদ্য লিখেছেন বিশ্বজিত্ ঘোষ। স্বাধীনতা-উত্তর কবিতার নান্দনিক চেতনা নিয়ে লিখেছেন সমীর আহমেদ। এ ছাড়া শাকিনা হাসীন, তপন বাগচী, সেলিনা জেসমিন, রেজীনা ওয়ালী লীনার প্রবন্ধ সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে।
সত্তর দশকের অন্যতম কবি ফারুক মাহমুদ ছাড়াও সাইফুল্লাহ মাহমুদ দুলাল, শিহাব শাহরিয়ার, সন্তোষ ঢালী, চৌধুরী ফেরদৌস, মোহাম্মদ নাদিম-এর কবিতাসহ মোট ৩৪টি কবিতা ছাপা হয়েছে এবারের সংখ্যায়। এদের মধ্যে অনেকে নবীন হলেও তাদের কবিতায় সামাজিক দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি কাব্যিক চেতনায় উদ্ভাসিত। সমাজিক অবক্ষয় ও মধ্যবিত্ত মানুষের জীবন সংকট নিয়ে ছাপা হয়েছে গল্পকার মোস্তফা মামুনের একটি অনবদ্য গল্প।
এছাড়া কত্থক সম্রাট বিরজু মহারাজকে নিয়ে লিখেছেন কাজী রকিবুল হক রিপন। আলোকচিত্র পাতায় প্রবাসী আলোকচিত্রী মাসুমা চৌধুরী রুমির তোলা বাংলাদেশের গ্রামবাংলার দুরন্ত কিশোরের একটি ছবি ছাপা হয়েছে। আবু সালেহ টিটুর চিত্রকর্মসম্বলিত চাররঙা মলাটে অফসেট পেপারে মুদ্রিত ‘পূর্ণবৃত্তে’র চলতি সংখ্যাটি পাঠকের কাছে সমাদৃত হবে বলে আশা করি।
পূর্ণবৃত্ত। সংখ্যা-৮। সম্পাদক-মিতা মারজান। পৃষ্ঠাসংখ্যা-৯৬। প্রকাশ- সেপ্টেম্বর ২০১২। মূল্য- ৪০ টাকা। প্রাপ্তিস্থান-স্বরব্যঞ্জন, আজিজ সুপার মার্কেট, ঢাকা।
অতন্দ্রিলা অপ্সরা
