আমার দাদির চোখে সকাল হয় না
তাঁর চোখে শুধু রাত বাড়ে
কালোজিরা রাত
সময়ের সাদাকালো আলো ছেঁড়া
মেঘকরা চোখ
কে যায় কে আসে পরিতাপ
নেই কোনো
ঝরাপাতা বেলা
সামনে-পেছনে ঘুঁটঘুটে অন্ধকার
মনে পড়ে না কিছুই আর
তবু পোড়ামন ভোলে না সেই একাত্তরে
‘মা আসছি’ বলে খোকা সেই যে গেল
ফেরার কথা সে গিয়েছে ভুলে
