রাজনীতিতে আসার পূর্বাভাস!

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২০:৪২
নিজ বাড়ির দ্বারোন্মোচনের মধ্য দিয়ে রাজনীতিতে আসার ধারণা আরও স্পষ্ট করলেন চিত্রনায়িকা শাবানা। যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে স্বামী ওয়াহিদ সাদিকের পৈতৃক ভিটায় গড়া নতুন বাড়িতে পা রেখে শাবানা নিজেই আভাস দিয়েছেন রাজনীতির মাঠে নামার। ওয়াহিদ সাদিকও ইঙ্গিত দিয়েছেন রাজনীতিতে আসার। গত ২১ ডিসেম্বর শুক্রবার বেলা ১২টায় নিজেদের করা নতুন বাড়ি ‘সাদিক ভিলা’য় পা রাখেন শাবানা দম্পতি। এ সময় শাবানার তিন ননদ ও দেবররা সাথে ছিলেন। রুপালি জগতের কিংবদন্তি নায়িকা শাবানার বড়েঙ্গায় উপস্থিতির খবর মুখে মুখে ছড়িয়ে পড়লে আশপাশের কন্দপপুর, মাগুরখালি, ঘাঘা, মঙ্গলকোট, চুয়াডাঙ্গা, পাতাবোই গ্রামের হাজার হাজার মানুষ ছুটে আসে তাকে একনজর দেখতে। এ সময় শাবানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ভিড় সামলাতে রীতিমতো হিমসিম খেতে হয়। বড়েঙ্গা মসজিদে জুম্মার নামাজের পর গরু জবাই করে গ্রামবাসীদের আপ্যায়ন করা হয় ভুঁড়িভোজে। ভাত, মাংস, দোপেঁয়াজা ও ডাল ছিল মেন্যুতে। নেকাবে ঢাকা শাবানা তাকে দেখতে আসা গ্রামের মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। কথা বলেন অনেকের সাথে। স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে শাবানা বলেন, ‘স্বামী রাজনীতিতে আসলে তার সমর্থন থাকবে।’ ওইদিনই সন্ধ্যার আগে তারা গ্রাম ছেড়ে খুলনার উদ্দেশ্যে যান। তাদের চলে যাবার পর থেকে নতুন বাড়িটি তালাবন্ধ রয়েছে। এদিকে মোবাইলে রাজনীতিতে কবে আসছেন ইত্তেফাকের এমন প্রশ্নে ওয়াহিদ সাদিক এটাকে একদম ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিলেও বলেন, ‘যখন আসব তখন জানাব।’ তবে তো আসছেনই—একটু খোলাসা করে বলুন বললে একরাশ হাসি ছড়িয়ে তিনি বলেন, ‘দেখুন আমার ভাই (আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক) মন্ত্রী ছিলেন। আত্মীয়দের চাপ আছে। গ্রামের লোকেরাও চায় আমরা রাজনীতিতে আসি। তবে আমরা আসলে ব্যস্ত আছি গ্রামে মসজিদ, মাদ্রাসা বানিয়ে সমাজসেবামূলক কাজ করতে। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে একদমই কাজ করি না।’ একমাস পর তিনি মাদ্রাসা নির্মাণ শুরুর জন্য আবার বড়েঙ্গা গ্রামে যাবেন বলে জানান। এদিকে শাবানা দম্পতির সাথে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী করার ব্যাপারে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেরই আগ্রহ রয়েছে। শাবানার ভাসুর এএসএইচকে সাদেক আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। আরেক চাচা শ্বশুর আব্দুল হালিম ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য। অপর আরেক সূত্র জানায়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আমেরিকায় গেলে শাবানার বাড়িতেই উঠেন। সেদিক থেকে দুই দলের সাথেই পরিবারটির ‘ভালো’ যোগাযোগ রয়েছে। আর ‘শাবানা ক্রেজ’ কাজে লাগিয়ে দু’দলই টোপ ফেলে রেখেছে শাবানাকে ধানের শীষ বা নৌকায় তুলতে। উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকে ‘রাজনীতিতে শাবানা!’ শীর্ষক খবরে রাজনীতিতে শাবানার সম্ভাব্য অভিষেকের কথা সর্বপ্রথম উল্লেখ করা হয়।