বিয়ে করলেন ‘টাইটানিক’খ্যাত কেট উইন্সলেট

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৩
বিশ্ববিখ্যাত ছবি ‘টাইটানিক’খ্যাত অস্কার জয়ী অভিনেত্রী কেট উইন্সলেট আবারও বিয়ে করলেন। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীর এটি তৃতীয় বিয়ে। এ মাসের শুরুর দিকে দীর্ঘদিনের প্রেমিক নেড রকনরোলের সাথে একেবারেই গোপনে বিয়ের কাজটি সেরেছেন তিনি। কোনো বন্ধুবান্ধবকে এমনকি বাবা-মাকেও জানাননি তিনি। সম্প্রতি ঘরোয়া এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেট উইন্সলেট এই বিয়ের সংবর্ধনা সম্পন্ন করেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবেরা উপস্থিত ছিলেন। কেট উইন্সলেট ও নেড রকনরোল বেশকিছুদিন আগে বাগদানের কাজটি সেরেছিলেন। উল্লেখ্য, ১৯৯৮ সালে পরিচালক জিম থ্রেপলটনকে বিয়ে করেছিলেন তিনি। এটিই ছিল তার প্রথম বিয়ে। তিন বছর বাদে এই সংসারও ভেঙে যায়। ২০০৩ সালে পরিচালক স্যাম মেন্ডেজকে বিয়ে করেছিলেন। সেই বিয়েটিও ছিল একেবারে গোপনে। সেই বিয়েতে কেটের মেয়ে মিয়া এবং তিনজন বন্ধু উপস্থিত ছিল। তারপর ৭ বছর একসঙ্গে সংসার করেন তারা। ২০১০ সালে তাদের বিচ্ছেদ হয়। অন্যদিকে কেটের নতুন বর নেডেরও এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী ছিলেন এলিজা কাউড্রে।