অন্যান্য বিতর্ক প্রতিযোগিতা থেকে এই অনুষ্ঠানের পার্থক্য কী?
অন্যান্য প্রতিযোগিতা থেকে এই অনুষ্ঠানের অনেক পার্থক্য আছে। কারণ আগের প্রতিযোগিতা ছিল স্কুল বা কলেজ পর্যায়ে সেখানে পুরোটা ফোকাস থাকত ছেলেদের যুক্তির ওপরে। আর এবারে আমরা নিজেরাই সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের ভেতরে এই ডায়লগের কনসেপ্টটা তৈরি করাচ্ছি। এটা তাই শুধু একটি বিতর্ক প্রতিযোগিতা ভাবলে কম হবে।
কিন্তু টেলিভিশন পর্দার অন্যান্য রিয়েলিটি শোতে দু’চারটে গান গেয়ে বিজয়ী হলে তাকে গাড়ি দিয়ে দেওয়া হচ্ছে, ফ্ল্যাট দিয়ে দেওয়া হচ্ছে। সেদিক দিয়ে মেধা যাচাইয়ে এসব বিজয়ী ছেলেমেয়েদের সেই তুলনায় প্রাপ্তিটা কি খুব কম হচ্ছে না?
এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রথমদিকে এমন চমক রাখতে চেয়েছিলাম। এক পর্যায়ে বেশ কয়েকটি মুঠোফোন কোম্পানি আমাদের এসএমএস ভোটিংয়ের অফারও করেছিল। কিন্তু আমরা মনে করেছি এসব করতে গেলে একটি ছেলের মেধা বিকাশ হবে না। বরং পুরস্কারের লোভে নানা লবিং শুরু হয়ে যাবে। অনেক রিয়েলিটি শোতে দেখি নির্বাচনের মতো ছেলেমেয়েরা ভোট চেয়ে পোস্টার ছাপে। যা খুবই লজ্জাজনক। আমার এই বিতর্ক বিকাশে এইরকম পরিস্থিতি তৈরি করতে চাইনি বলেই আমরা রাজি হইনি।
তবে তাদের মেধা বিকাশের স্বীকৃতি স্বরূপ কোনো ব্যবস্থা রাখছেন কি?
অবশ্যই রাখছি। এ ক্ষেত্রে বিতর্ক বিকাশ এ যেমন ব্র্যাক আমাদের পুরো আয়োজনের সাথে সহযোগিতায় রয়েছে। এটিএন বাংলা পুরোপুরি সহযোগিতা করছে। আগামীতে মেধাবী ছাত্রছাত্রীদের দেশের বাইরে স্কলারশিপ এবং পড়াশোনার খরচ উপহার হিসেবে দেওয়ার ইচ্ছে আছে।
বিতর্ক বিকাশ বা এ ধরনের রিয়েলিটি প্রোগ্রামের কনসেপ্ট বা জনপ্রিয়তার তালিকায় আনার কী উপায়? এটাকে আরও আকর্ষণীয় করে তোলার ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছেন কি?
দেখুন আমরা মনে করি এটা নীরবে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। হ্যাঁ বলতে পারেন স্যাটেলাইট চ্যানেলের টিআরপি জরিপে এটা সব সময় থাকে না। এরপরও বলব, আমরা বিতর্ক বিকাশে ৬৪টি জেলায় ঘুরে সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের খুঁজে বের করেছি। বিভিন্ন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ইত্তেফাকও আমাদের সাথে কাজ করেছে। এভাবে এই মিডিয়ায় একসময় এটাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে। সস্তা জনপ্রিয়তা আমাদের উদ্দেশ্য নয়। আমরা তা চাইও না।
আগামীতে এই ধারার অনুষ্ঠান নিয়ে আর কী সম্প্রসারিত পরিকল্পনা আছে আপনার?
ইচ্ছে আছে, ডিবেট বা যুক্তির কথা বলার জন্য আলাদা একটি প্রতিষ্ঠান গড়ার। যেখানে ছেলেমেয়েরা ডিবেট গ্রুমিং শিখে দেশ-বিদেশের নানা প্রতিযোগিতায় অংশ নেবে। এরই ভেতরে আমার ডিবেট ফর ডেমোক্রেসির একাধিক শিক্ষার্থী আমেরিকা, লন্ডন, রাশিয়া বিভিন্ন ডিবেট প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এটাও আমাদের অনেক বড় অর্জন বলে মনে করি। চেষ্টা করছি, এই বিষয়গুলো নিয়ে আলাদা একটি ইনস্টিটিউট গড়ে তোলার।
