বর্ণাঢ্য আয়োজনে বৈশাখীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
দেশের অন্যতম বেসকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশন গতকাল এক বর্ণাঢ্য আয়োজনে পালন করল তাদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। রাত ১২টা ১ মিনিটে জন্মদিনের কেক কেটে উত্সবের সূচনা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশীষ সৈকত, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, পরিচালক লজেস্টিক টিপু আলম, হেড অব নিউজ অশোক চৌধুরী, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স ফারহানা নিশো, ডেপুটি হেড অব প্রোগ্রাম আহসান কবিরসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বিভিন্ন বিভাগের শীর্ষস্থানীয় সাংবাদিক-কর্মকর্তাবৃন্দ। সকাল ১১টায় সমাজের নানা অঙ্গনের আমন্ত্রিত বিশিষ্টজনদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় কেক কেটে দিনের অনুষ্ঠান শুরু হয়। এরপর থেকে মধ্যরাত পর্যন্ত চলে নানা আয়োজন। সরাসরি সম্প্রচার করা হয় শুভেচ্ছা জানাতে আসা মন্ত্রী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, অভিনেতা-অভিনেত্রী, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের নানা পেশার বিশিষ্টজনদের শুভেচ্ছা বক্তব্য। ফাঁকে ফাঁকে চলে জনপ্রিয় সংগীতশিল্পীদের পরিবেশনা। রাতে প্রচার করা হয় বিশেষ নাটক, ইন হাউজ অনুষ্ঠান ও গান।