পরিচালক সমিতির নির্বাচন আজ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৬
আজ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের পরিচালক সমিতির ২০১৩-২০১৪ সেশনের নির্বাচন। এবার তিন প্যানেলের নির্বাচনে সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি এবং মহাসচিব পদে তিনজন করে প্রার্থী রয়েছেন। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মাঝে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত জুম্মার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। নির্বাচন অনুষ্ঠিত হবে বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির আবদুল জব্বার খান পাঠাগারে। পরিচালক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন প্রয়াত পরিচালক আলমগীর কুমকুম, যিনি চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ইন্তেকাল করেছেন। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আমজাদ হোসেন। সাধারণ সম্পাদক পদটি ১৯৯৩ সাল থেকে মহাসচিব পদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবারের নির্বাচন পরিচালক সমিতির ২০তম নির্বাচন।