ধানমন্ডির সাত মসজিদ রোডে যাত্রীবাহী বাসের চাপায় ২ জন গুরুতর আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা এ সময় বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সকাল পৌনে ১১টার সময় ধানমন্ডির ২৭নং সড়কের পশ্চিম প্রান্তের সংযোগস্থলে সাত মসজিদ রোডে শংকর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ওসি (তদন্ত) জানান, মোহাম্মদপুর থেকে ধুপখোলা যাওয়ার পথে মালঞ্চ পরিবহনের একটি বাস শংকর বাসস্ট্যান্ডের কাছে দুইটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশা চালক আব্দুল কাইয়ুম ও নিকাব গুরুতর আহত হন। এসময় রিকশাযাত্রী রেজাউল করীম সামান্য আহত হন। আহত দুই রিকশা চালককে ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে আব্দুল কাইয়ুমকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাস ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাত মসজিদ রোডে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ঘটনার পর আহত রিকশা চালক আব্দুল কাইয়ুমের রিকশার মালিক ধানমন্ডি থানায় একটি মামলা করেছেন।
