আগামী জাতীয় নির্বাচনের আগেই দেশের সব উপজেলা ও মেয়াদোত্তীর্ণ চার সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার ইসি সচিবালয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, ২০১৩ সালের আগস্ট-সেপ্টেম্বরে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এপ্রিল-মে মাসে মেয়াদোত্তীর্ণ চার সিটি করপোরেশন বরিশাল, খুলনা, সিলেট ও রাজশাহীর নির্বাচন অনুষ্ঠিত হবে।
শাহ নেওয়াজ বলেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইনের (আরপিও) খসড়া প্রায় চূড়ান্ত করেছে ইসি। দুই তিন সপ্তাহের মধ্যেই তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। নির্বাচনকালীন সময়ে সবগুলো মন্ত্রণালয় ইসির অধীনে রাখার সুপারিশ রাখা হয়েছে আরপিওতে। সে সময়ে যে কোন ধরনের পদোন্নতি, নিয়োগ ও বদলিতে ইসির অনুমতি নেয়া বাধ্যতামূলক করার সুপারিশও করা হয়েছে এতে। তিনি আরো বলেন, জাতীয় সংসদের ৩শ আসনের সীমানা পুন:নির্ধারণ করা হবে না। শুধুমাত্র যে আসনগুলোর বিষয়ে আপত্তি প্রকাশ করা হয়েছে সেগুলো যৌক্তিকতার ভিত্তিতে পুন:নির্ধারণ করা হবে।
