বিশ্ব ইজতেমা সফল করতে গাজীপুরে প্রস্তুতি সভা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:১৪
আগামী ১১-১৩ এবং ১৮-২০ জানুয়ারি দুইপর্বে টঙ্গীতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভা গতকাল বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় দুইপর্বের বিশ্ব ইজতেমাকে নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে রয়েছে, ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত র্যাব, পুলিশ ও আনসার মোতায়েন, ভেজাল খাদ্য রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ বস্তি দোকানপাট এবং ব্যানার বিলবোর্ড উচ্ছেদ, ইজতেমা ময়দানের প্রবেশ পথে র্যাবের ৯টি পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন, রাস্তাঘাটসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন। এ ছাড়া মুসল্লীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইজতেমা ময়দানের আশপাশে পর্যাপ্ত মেডিক্যাল ক্যাম্প স্থাপন, এম্বুলেন্স মোতায়েন, মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে তুরাগ নদীতে ১০টি অস্থায়ী পন্টুন ব্রিজ নির্মাণ, সার্বক্ষণিক বিদ্যুত্ ও পানি সরবরাহের ব্যবস্থা, বিশেষ ট্রেন ও বাস সার্ভিস চলাচলের ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আগামী ৭ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। সভায় গাজীপুর পুলিশ সুপার মোঃ আব্দুল বাতেন, টঙ্গী পৌরসভার মেয়র অ্যাডভোকেট আজমতউল্লাহ খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ হাবিবুল্লাহ, তাবলিগ জামায়াতের মুরুব্বি গিয়াসউদ্দিন আহমেদ, সিরাজ মিয়া, মাহফুজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।