আরো এগিয়ে গেল ম্যানইউ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
গত মৌসুমে শিরোপা নির্ধারণ হয়েছিল শেষ ম্যাচে গিয়ে। সেবার শেষ ম্যাচে স্যান্ডারল্যান্ডের বিপক্ষে নাটকীয় এক জয়ে শিরোপা ঘরে তোলে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে এই স্যান্ডারল্যান্ড দলের কাছে হেরেই কপাল পুড়লো কোচ রবাতো মানচিনির দলের। আর নিউক্যাসল ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়ে একতরফা শিরোপা জয়ের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে তিন তিনবার পিছিয়ে পড়েও জনি ইভান্স, প্যাট্রিস এভরা ও রবিন ফন পার্সির গোলে সমতা নিয়ে আসে ম্যানইউ। শেষ মুহূর্তে মাইকেল ক্যারিকের পাস থেকে স্বাগতিকদের নাটকীয় জয় এনে দেন মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। ম্যাচের চার মিনিটের মাথায় জেমস পার্চের গোলে এগিয়ে যায় সফরকারী নিউক্যাসল দল। ২৫ মিনিটে ইভান্স সমতায় ফেরালেও চার মিনিট পর নিজের জালে নিজেই বল পাঠিয়ে বিপদ ডেকে আনেন এই ডিফেন্ডার। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা নিউক্যাসল অঘটনের স্বপ্ন নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে। তবে ৫৮ মিনিটে ফরাসী তারকা প্যাট্রিক এভরার গোল কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের মনে স্বস্তি এনে দেয়। ১০ মিনিট পর সিসের গোলে আবারো এগিয়ে যায় নিউক্যাসল। খেলার যখন এই অবস্থা তখন দৃশ্যপটে আবির্ভূত হন ডাচ তারকা ফরোয়ার্ড রবিন ফন পার্সি। আর্সেনাল থেকে এই মৌসুমের শুরুতে ম্যানইউ শিবিরে যোগ দেয়া এই গোল মেশিনের সুবাদে ৭১ মিনিটে ৩-৩ গোলে সমতায় ফেরে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটি। বলের যোগান দেন মাইকেল ক্যারিক। খেলার শেষ মুহূর্তে জ্যাভিয়ের হার্নান্দেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসলের বিপক্ষে জয়কে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন দলের বর্ষীয়ান কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি বলেন, ‘আজকের ম্যাচ আমাদের শিরোপাজয়ী নৈপুণ্যের নিদর্শন। আমরা আবারো নিজেদের সাহস দেখিয়েছি। কয়েকবার পিছিয়ে থেকেও আমরা হার মানিনি। জয়ের জন্য লড়াই করেছি ম্যাচের প্রতিটি মুহূর্তে।’ স্যান্ডারল্যান্ড সফরে ম্যান সিটি হেরে গেছে তাদেরই সাবেক ফরোয়ার্ড অ্যাডাম জনসনের গোলে। আর নরউইচ সিটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে চেলসিকে জয় এনে দিয়েছে হুয়ান মাতার দুর্দান্ত গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির এটি টানা তৃতীয় জয়। আর জয়ের জন্য দলের নতুন কোচ রাফায়েল বেনিতেজের ভূমিকাই মুখ্য। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে এসে স্কাই স্পোর্টসকে সাবেক লিভারপুল কোচ বলেন, ‘আমি জানতাম ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। তাই আমরা এর জন্য সতর্ক ছিলাম। দলটি আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের মতো দলকে হারিয়েছে। তাই চোখ বন্ধ করেই বলে দেয়া যায় যে, দলটি শক্তিশালী। তাই আমরা এর জন্য প্রস্তুত ছিলাম।’ স্প্যানিশ কোচ আরো বলেন, ‘অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের সাথে তুলনা করলে এই ম্যাচের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। গত ম্যাচে আমরা অনেক আক্রমণাত্মক ফুটবল খেলেছি। সে তুলনায় আমরা আজ গোল করার সুযোগ খুব বেশি পাইনি। তবে আমরা ভালো ফুটবল খেলেছি। দলের খেলার ধরনে আমি গর্বিত। আমাদের দৃষ্টি এখন সামনের ম্যাচগুলোকে ঘিরে। সামনের ম্যাচগুলোর জন্য আমি আমার দলকে প্রস্তুত করছি। আশা করি আগামী ম্যাচগুলোতেও সমর্থকদের ভালো ফুটবল উপহার দিতে পারবো। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ম্যানইউর শীর্ষাসন এখন আরো মজবুত। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ম্যান সিটি দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় চেলসির পয়েন্ট ৩৫। তবে এক ম্যাচ কম খেলেছে তারা। সিটি অপেক্ষা সাত পয়েন্ট এগিয়ে থেকে শিরোপার পথটা এখন অনেক সহজ রেড ডেভিলদের জন্য। ম্যানইউ চেলসির জয়ের দিনে হেরে গেছে আরেক বড় দল লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে কোচ ব্রেন্ডন রজার্সের দলকে ৩-১ গোলে পরাজিত করে স্টোক সিটি। ম্যাচের দুই মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ তারকা ফুটবলার স্টিভেন জেরার্ড। তবে এরপরই ম্যাচে ফিরে আসে স্বাগতিক দল। তিন মিনিটের ব্যবধানে দলকে সমতায় ফেরান জোনাথন ওয়াল্টার। ১২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন কেনওয়াইন জোন্স। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ওয়াল্টারের দ্বিতীয় গোলে ৩-১ ব্যবধানে সহজ এক জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক স্টোক সিটি। এদিকে দুর্দশা কাটছে না অ্যাস্টন ভিলার। আগের ম্যাচে চেলসির কাছে ৮-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর বুধবার নিজেদের মাঠ ভিলা পার্কে তাদের ৪-০ গোলে পরাজিত করেছে টটেনহ্যাম হটস্পার। স্পার্সদের হয়ে হ্যাটট্রিক করেছেন গ্যারেথ বেল। অপর গোলটি করেন জার্মেইন ডিফো। ম্যাচ শেষে ২৩ বছর বয়সী বেলের প্রশংসা করে কোচ আন্দ্রে ভিলাস বোয়াস বলেন, ‘ম্যাচে সে নিজের সেরাটা উপহার দিয়েছে। সে অত্যন্ত দক্ষ ও প্রতিভাবান একজন খেলোয়াড়। যত দিন যাচ্ছে তার খেলা আরো পরিপক্ব হচ্ছে। আমাদের দলের জন্য সে বড় এক সম্পদ। দল তার কাছ থেকে যে ধরনের সাহায্য পাচ্ছে তার কোন তুলনা হয় না। শুধু গোল করাতেই নয়, সতীর্থদের দিয়ে গোল করানোতেও তার জুড়ি নেই।’