বেঁচে গেল শেখ রাসেল

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:৫৬
শেখ রাসেল-ব্রাদার্স ম্যাচ ১-১ সমতায় চলছে। খেলার শেষ বাঁশি বাজার অপেক্ষা। এমন সময় শেষ চেষ্টা করতে গিয়ে সফল হলো শেখ রাসেল ক্রীড়া চক্র। ইনজুরি টাইমে (৯২ মিনিট) হাইতির ফুটবলার সনি নরডের গোলে শেখ রাসেল ২-১ ব্যবধানে ব্রাদার্সকে হারিয়ে নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচ থেকে রক্ষা পেল। মান রক্ষা হলো রাসেলের আর ব্রাদার্স মাঠ ছাড়ল টানা পঞ্চম হারে। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে শেখ রাসেল একাই শীর্ষে উঠে গেল। দুই দলের খেলাটা দারুণ উপভোগ্য ছিল কাল। কারণ এক দিকে ব্রাদার্স যেমন পয়েন্ট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। তেমনি শেখ রাসেলের নজর ছিল পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটির জন্য। শেখ রাসেলের জয় নাকি ব্রাদার্সের টানা পঞ্চম হার— কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা নিয়ে কাল ফুটবল অনুরাগীরা ব্যস্ত ছিলেন। ব্রাদার্স তার ফুটবল ইতিহাসে এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি। লিগের শুরু থেকে টানা পাঁচ ম্যাচে হারের ঘটনা বিরল। ব্রাদার্সের নাইজেরিয়ান কোচ লাডিবাবা লোলা ম্যাচ শেষে যখন সংবাদ সম্মেলনে এলেন তার মুখ ছিল বিষণ্ন। কারণ ম্যাচটা তো ড্রই হতে চলেছিল। তারওপর শেখ রাসেলের বিরুদ্ধে ব্রাদার্স এগিয়ে ছিল গোল করে। ম্যাচের ৩৪ মিনিটে ব্রাজিলীয় এন্ডারসনের ক্রস থেকে নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলের হেড জালে ঢুকে যাওয়ায় ম্যাচ জয়ের স্বপ্ন দেখেছিল ব্রাদার্স (১-০); কিন্তু সেটাকে ধরে রাখতে পারল না। ব্রাজিলিয়ান ফুটবলারটি শেখ রাসেলের গোলকিপার বিপ্লবকে একা পেয়েও ব্যর্থ হন। গোল করে মাত্র নয় মিনিটও টিকল না ব্রাদার্সের এগিয়ে থাকার রেশ। ৪২ মিনিটে জাহিদ ও সনি নরডে থেকে মরোক্কান স্ট্রাইকার তারিক মারজুক গোল করে ম্যাচে ফেরান (১-১)। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী শেখ রাসেলের বিরুদ্ধে ব্রাদার্স দারুণ খেলেছে। ম্যাচের পুরোটা সময় চেষ্টা করেছে তারা। কখনোই দমে যায়নি। আক্রমণাত্মক ফুটবল খেলেছে। অপরদিকে ব্রাদার্সের গোল পোস্ট ফাঁকা পেয়েও কাজে লাগাতে পারেনি শেখ রাসেল। ব্যর্থ হয়েছেন লিংকন। গোলপোস্ট ছেড়ে আসা সবুজকে ডজ দিয়ে ব্রাজিলীয় ফুটবলার এন্ডারসন বল ক্রস করেন লিংকনের উদ্দেশে; কিন্তু লিংকন মাটিতে লুটিয়ে পড়লেন। নিশ্চিত গোল থেকে দলকে বঞ্চিত করেন। ব্রাদার্সের কিংসলেও শেখ রাসেলের গোলকিপার বিপ্লবকে ফাঁকি দিতে পারেননি। শেষ বাঁশি বাজার মুুহূর্তে নিশ্চিত ড্র থেকে বেঁচে যায় ইনজুরি টাইমে পাওয়া গোল থেকে, সনি নরডের গোলে ২-১। মাঠে খুঁজে পাওয়া যায়নি এমিলিকে। বিমর্ষ ব্রাদার্স কোচ লাডিবাবা লোলা বললেন, ‘গোলের সুযোগ নষ্ট করলে কিভাবে হবে। আমরা বড় ম্যাচগুলো শেষ করলাম।’ রেলিগেশন সম্পর্কে বলেন, ‘এখনো সুযোগ আছে।’ শেখ রাসেলের কোচ মারুফুল হক ব্রাদার্সকে ধন্যবাদ জানিয়েছেন তারা আক্রমণাত্মক ফুটবল খেলেছে বলে।’ জয়সূচক গোলদাতা সনি নরডে বলেন, আমরা ভাগ্যক্রমে ম্যাচ জিতেছি।’ আজকের খেলা আবাহনী ঃ মোহামেডান (বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকাল ৪টা ৩০মি.)