ইনজুরিতে রুনি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:৫৮
ইনজুরিতে পড়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফরোয়ার্ড ওয়েন রুনি। ধারণা করা হচ্ছে কনুইয়ের ইনজুরিতে তাকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। গত বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যান ইউ ৪-৩ গোলে পরাজিত করে নিউক্যাসল ইউনাইটেডকে। ইনজুরির কারণে ম্যাচে ছিলেন না দলের অন্যতম মূল ভরসা রুনি। ম্যাচের আগে বড়দিনের দিন অনুশীলন চলাকালে এই ইংলিশ তারকা ইনজুরিতে পড়েন বলে জানা গেছে। দলের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন রুনির ইনজুরির সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ অনুশীলনের সময়ে শেষের দিকে একটি ভলি থেকে ইনজুরিতে আক্রান্ত হন রুনি। সে তার কনুইয়ের দিকে আঘাত পেয়েছে। সেরে উঠতে তার দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।’ ইনজুরির কারণে রুনি ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়ন ও উইগান অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। এরপর আগামী পাঁচ জানুয়ারি ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচেও তাকে দলে দেখা যাবে না। এমনকি এরপর ১৩ জানুয়ারি নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে তার দলে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।