বেনজীর ভুট্টোর নামে লারকানায় নতুন স্টেডিয়ামের উদ্বোধন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২১:৫৮
নিজের প্রয়াত স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর স্মরণে গত বুধবার আন্তর্জাতিকমানের একটি ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বেনজীরের পঞ্চম মৃত্যুবার্ষিকীর আগের দিন ভুট্টো পরিবারের নিজ শহর লারকানার গার্দি খুদা বক্সে স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। দেশের বর্তমান ও সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে গড়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান একাদশ ও প্রেসিডেন্ট একাদশের মধ্যকার একটি প্রদর্শনী ম্যাচের আগে প্রেসিডেন্ট জারদারি ‘বেনজীর ভুট্টো’ নামের এ স্টেডিয়ামটির উদ্বোধন করেন। প্রদর্শনী ম্যাচের উল্লেখযোগ্য ঘটনা ছিল দীর্ঘদিন পর সাবেক গ্রেট জাভেদ মিয়াঁদাদ ও ইন্তিখাব আলমের অংশগ্রহণ।—বাসস/পিটিআই