টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিতেছেন ফাফ ডু প্লেসিস। এ জয়ে উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকা অধিনায়ক প্লেসিস আশা করছেন এই দলটি নিয়মিত ভাল খেলবে।
তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা গত বুধবার পোর্ট এলিজাবেথে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ৩৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করে ২-১ ব্যবধানে।
হেনরি ডেভিডসের হাফ সেঞ্চুরি এবং অ্যারন ফানঙ্গিসো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলে দক্ষিণ আফ্রিকা সিরিজটি নিশ্চিত করে। ডারবানে গত শুক্রবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি আট উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। গত রবিবার সফরকারী নিউজিল্যান্ড আট উইকেটে জিতে সিরিজে ১-১ ব্যবধানের সমতা আনতে সক্ষম হয়েছিল। সিরিজ জয়ের পর প্লেসিস বলেন,‘ দলটি তরুণ এবং তারা প্রাণশক্তিতে ভরপুর।’
ডেভিসের এটি টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি। পোর্ট এলিজাবেথে এদিন ডেভিডসের ৬৮ রানে ভর করে দক্ষিণ আফ্রিকা ছয় উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে। বাঁ-হাতি স্পিনার ফানঙ্গিসো ২৫ রানে তিন উইকেট নেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিল (২৪) ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে (২৫) সাজঘরে ফেরান ফানঙ্গিসো। পেসার রায়ান ম্যাকলরেনও সমান তিন উইকেট নিতে সক্ষম হন।
নিউজিল্যান্ড জবাবে নয় উইকেটে ১৪৬ রান তুলতে পারে। ম্যাচ সেরা হয়েছেন ডেভিডস। নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ম্যাচ শেষে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ভাল ক্রিকেট খেলেছে। চাপ প্রয়োগে সফল হয়েছে তারা। আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। কিন্তু পুরো সিরিজে আমরা কিছু উন্নতি করেছি।’
দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড এরপর দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। প্রথম টেস্ট ম্যাচটি কেপ টাউনে আগামী বছর ২ জানুয়ারি শুরু হবে।
