মূল্যস্ফীতির সমন্বিত তথ্য প্রকাশে তিন সংস্থার সমন্বয় করা হচ্ছে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১১
মানসম্মত তথ্য-উপাত্তের মাধ্যমে শিগগিরই সমন্বিত মূল্যস্ফীতি তথ্য প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার। গতবছর এ প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে এবং দ্রুত এ কাজ শেষ হবে। এর মাধ্যমে সারা দেশের মূল্যস্ফীতির সমন্বিত তথ্য পাওয়া যাবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ব্যাংক ও কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য সমন্বয় করা হবে। এতে তথ্য নিয়ে তিন সংস্থার মধ্যে দ্বন্দ্বের অবসান হবে। বাংলাদেশের প্রেক্ষিতে পরিকল্পনা ও উন্নয়নে পরিসংখ্যান বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। বাংলাদেশ পরিসংখ্যান সমিতির আয়োজনে তিন দিনের এ সম্মেলন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়। অর্থমন্ত্রী বলেন, পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে অর্থ মন্ত্রণালয় থেকে বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। খুব দ্রুত এটা অনুমোদন পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আরেফিন সিদ্দীক। সম্মেলন বক্তা ছিলেন অধ্যাপক কাজী মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি ও ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করেন। অর্থমন্ত্রী আরো বলেন, যে কোন ধরনের পরিকল্পনার জন্য পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিকল্পনা ও উন্নয়নের জন্য পরিসংখ্যান অপরিহার্য। জনগণকে অর্থনৈতিকভাবে সচেতন করতে পরিসংখ্যান ব্যুরোকে কার্যকর পদক্ষেপ নিতে পরামর্শ দেন অর্থমন্ত্রী। আরেফিন সিদ্দীক বলেন, পরিকল্পনা ও উন্নয়নের জন্য পরিসংখ্যানের ওপর নির্ভর করতে হবে। এর সঠিক ব্যবহারের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। পরিসংখ্যানের তত্ত্ব দিন দিন উন্নত হচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পরিসংখ্যানের নিত্য নতুন তত্ত্ব ও পদ্ধতি আয়ত্তের মাধ্যমে আমাদের পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন ঘটানোর আহ্বান জানান তিনি।