নিবিড় পরিচর্যায় সিনিয়র বুশ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১২
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সিনিয়রকে গুরুতর অবস্থায় হিউসটনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গত রবিবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয় বলে জানিয়েছেন বুশ পরিবারের মুখপাত্র জিম ম্যাকগ্রা। এর আগে গত ২৩ নভেম্বর ব্রঙ্কাইটিসের চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয় ৮৮ বছর বয়সী বুশ সিনিয়রকে। বুধবার বুশ পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে ম্যাকগ্রা বলেন, ‘বেশ কিছুদিন ধরে জ্বরসহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তাকে মেথোডিস্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয় এবং সেখানে চিকিত্সকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন তিনি।’ বর্তমানে তিনি চিকিত্সকদের সঙ্গে কথাবার্তা বলছেন বলে বিবৃতিতে জানানো হয়। তার পরিবারের সদস্যরা তার সঙ্গেই রয়েছেন বলেও জানানো হয় এতে। বিবৃতিতে আরো জানানো হয়, সিনিয়র বুশের শরীরের নিচের অংশে পারকিনসন্স ডিজিজ রয়েছে। এ রোগে শরীরের ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়ে বলে গত একবছরের বেশি সময় ধরে হুইল চেয়ার ব্যবহার করছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৮৯ সালে দায়িত্ব গ্রহণ করেন জর্জ ডব্লিউ বুশ সিনিয়র। পরপর দুই মেয়াদে এ দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও রোনাল্ড রিগানের দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া মার্কিন কংগ্রেসের সদস্য, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, চীনে রাষ্ট্রদূত, গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক ছিলেন তিনি। তার ছেলে জর্জ ডব্লিউ বুশ জুনিয়রও ২০০০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।