ক্রেডিট কার্ডে হোটেল বুকিং দেয়া যাবে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১২
এখন থেকে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড (আইসিসি) ব্যবহারকারীরা অনলাইনে দেশের বাইরের হোটেল বুকিং দিতে পারবেন। এধরনের বুকিং দিয়ে সংশ্লিষ্ট দেশে গিয়ে তিনি হোটেলের ভাড়া পরিশোধের সুযোগ পাবেন। গত বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালা ও এফই প্রজ্ঞাপন-১১ অনুযায়ী আইসিসি ব্যবহার করে ট্রাভেল সস্পর্কিত পরিশোধ এবং যে কোনো ধরনের ফি পরিশোধের বিধান রয়েছে। এখন থেকে এই কার্ড ব্যবহারকারীরা অনলাইনে হোটেল বুকিংয়ের সুবিধা পাবেন। এর আগেও অনেক ক্ষেত্রে অনলাইনে হোটেল বুকিং দেয়া যেতো। তবে সেটি আইনসিদ্ধ ছিলো না বলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। নতুন এ সুবিধা দেয়ার আগে আইসিসির মাধ্যমে শুধুমাত্র টোফেল, জিআরই ও জিম্যাটেরমত পরীক্ষার ফি জমা দেয়া আইনসিদ্ধ ছিল।