ডাচ গবেষণা প্রতিষ্ঠান ‘দি নেদারল্যান্ডস অর্গানাইজেশন ফর সাইন্টিফিক রিসার্চ’ (এনডব্লিও) আগামী দিনগুলোতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রসমূহ সম্প্রসারণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এনডব্লিও বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানসমূহের সাথে নয়টি প্রকল্পের সাথে সম্পৃক্ত রয়েছে এবং বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা ২১০০ বাস্তবায়নে তাদের অধিকতর সহযোগিতার বিষয়টি বিবেচনা করছে।
নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহাম্মদ বেলালের সাথে ২৫ এপ্রিল ২০১৯ তারিখে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এনডব্লিও কর্তৃপক্ষ তাদের এই আগ্রহের বিষয়টি ব্যক্ত করেছে। বৈঠকে এনডব্লিও এর পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির WOTRO সায়েন্স ফর গ্লোবাল ডিপার্টমেন্ট কর্মসূচীর টীম লিডার ড. এইচ জে.জে.জি বেরকেন্স এবং হান ভান ডিজক।
বৈঠককালে তারা বাংলাদেশে বর্তমানে ইউডিডাব্লিউর চলমান প্রকল্পসমূহ যথা- স্ট্র্যাটেজিক ডেল্টা প্ল্যানিং, শিফটিং গ্রাউন্ডস, ডেল্টা ম্যানেজড এ্যাকুইফার রিচার্জ সিস্টেম, এ্যডাপ্টিভ ডেল্টা ম্যানেজমেন্ট, হাইড্রো-সোশ্যাল ডেল্টাজ, লিভিং পোল্ডারস, কোর বাংলাদেশ, স্মল স্কেল পাইপ ওয়াটার সাপ্লাই, ওয়াটার এ্যাপস ইত্যাদির সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
আরো পড়ুন: জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙ্গে পড়েছে, বড় হামলার সক্ষমতা নেই: মনিরুল
দি নেদারল্যান্ডস অর্গানাইজেশন ফর সাইন্টিফিক রিসার্চ (এনডব্লিও) হল একটি নেদারল্যান্ডসের অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান যারা নেদারল্যান্ডসে বৈজ্ঞানিক গবেষণার জন্য ডাচ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আর্থিক সহায়তা প্রদান করে এবং একইসাথে গবেষণার গুনগত মান ও নতুনত্বের বিষয়টি নিশ্চিত করে থাকে।
পানি বাংলাদেশ-নেদারল্যান্ডসেন দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম বন্ধন হিসাবে অভিহিত করে রাষ্ট্রদূত বেলাল এনডব্লিও প্রতিনিধি দল-কে জানান যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নকে প্রাধান্য দিয়েই বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা, ২১০০ প্রণয়ন করা হয়েছে। তিনি উক্ত ব-দ্বীপ পরিকল্পনার যথাযথ বাস্তবায়নে এনডব্লিও এর অধিকতর সহযোগিতা কামনা করেন। মিজ ডিক এনডব্লিও এর পক্ষ থেকে ব-দ্বীপ পরিকল্পনার যথাযথ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে রাষ্ট্রদূতকে জানান,এনডব্লিও এর লক্ষ্য হল সমগ্র বিশ্বের ব-দ্বীপসমূহের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করে সেখানকার পানি নিরাপত্তা, পানি এবং খাদ্য নিরাপত্তা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।

রাষ্ট্রদূত বেলাল বৈজ্ঞানিক উপায়ে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ আহরণের ক্ষেত্রেও এনডব্লিও এর সহযোগিতা কামনা করে আশাবাদ ব্যক্ত করেন যে ডাচ গবেষণা প্রতিষ্ঠানসমূহ তাদের আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল দ্বারা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে এগিয়ে আসবে।
বাংলাদেশের প্রতি বিশেষভাবে আগ্রহ প্রকাশের জন্য রাষ্ট্রদূত বেলাল এনডব্লিও এর ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যাক্ত করেন যে বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা, ২১০০ এর অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় নিয়ে পানি সম্পদ এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর দীর্ঘদিনের যে সম্পর্ক তা আগামী দিনগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
ইত্তেফাক/বিএএফ

