বছরের আলোচিত দুই নবাগত একই অনুষ্ঠানে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:১৭
২০১২ সালে একাধিক নবাগত শিল্পীর আবির্ভাব ঘটলেও এবছর দুইজন কণ্ঠশিল্পী তাদের গান ও ভিডিওর কল্যাণে উঠে এসেছে আলোচনায়। তারা দুজন হলেন কণ্ঠশিল্পী মালা ও তানভীর শাহীন। ‘যা পাখি’, ‘মন খুলে গাও’সহ একাধিক গান আর আকর্ষণীয় মিউজিক ভিডিও দিয়ে খুব অল্প সময়েই আলোচনায় চলে আসেন মালা। অন্যদিকে তানভীর শাহীন তার প্রথম অ্যালবামের ‘সখিরে’ গানটি দিয়ে এসেছেন আলোচনায়। একজন তানভীর আমেরিকা এবং মালা অস্ট্রেলিয়া প্রবাসী হলেও স্রেফ গানের টানেই নিজেদের অ্যালবাম নিয়ে ক্যারিয়ার গড়েন তারা। সম্প্রতি একুশে টিভির জনপ্রিয় সেলিব্রিটি শো ‘মিডিয়া গসিপ’-এ একসাথে নিজেদের মিউজিক ক্যারিয়ার নিয়ে কথা বললেন। মালা বলেন, ‘আমার ক্যারিয়ারে আমি বলব খুব কম সময়ে আলোচনায় এসেছি। দেশের বাইরে থেকে এ দেশের মিডিয়ার সাথে কমিউনিকেট হতেও অনেক সময় লাগে। সেদিক দিয়ে আমি খুব লাকি। এখনও আমরা স্রেফ গানের নেশাতে পড়েই অ্যালবামের কাজ করে চলেছি। ২০১২ তাই আমার জন্য অনেক স্মরণীয় একটি বছর।’ অন্যদিকে তানভীর শাহীন বলেন, ‘আমি আমেরিকাতে গানের পাশাপাশি বিভিন্ন শো অ্যারেঞ্জ করি। স্রেফ গানের নেশায় এই অ্যালবামের কাজ করে এতটা সাড়া পাব ভাবিনি। ভাবতে অবাক লাগছে এবারে আমার প্রথম অ্যালবামের জন্য লেজার ভিশন থেকে আমাকে রয়্যালিটিও পাচ্ছি। তাই বছরটি আমার জন্য খুবই লাকি।’ বছরের দুই আলোচিত নবাগত একসাথে নিজেদের কথা এভাবেই প্রকাশ করেন। ইসরাফিল শাহীনের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল ১০টা ১০ মিনিটে।