চীন ও অস্ট্রেলিয়ার যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:৪৩
অস্ট্রেলিয়া ও চীন যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করছে। এ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রও সামিল হতে পারে। এসব দেশ আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করছে। বৃহস্পতিবার ক্যানবেরার প্রতিরক্ষা প্রধান একথা জানান। জেনারেল ডেভিড হার্লি অস্ট্রেলিয়া সংবাদপত্রকে বলেন, এ সামরিক মহড়া স্বল্প সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা কাজ করছি।’ চীনের সামরিক শক্তি বৃদ্ধি এবং তাদের প্রতিবেশী দেশগুলোর সাথে ভূখণ্ড নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে কৌশলগত-ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি জোরদারে এগিয়ে যাওয়ায় এ সামরিক মহড়ার পরিকল্পনা করা হয়। এ অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় ডারউইন নগরীর কাছে সামরিক ব্যারাকে সর্বোচ্চ আড়াই হাজার মেরিন সৈন্য মোতায়েন থাকছে। এই মেরিন কন্টিনজেন্টের ব্যাপারে চীন অসন্তোষ প্রকাশ করে।